/
/
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু
Byলাল সবুজ প্রকাশ
Published১২ মার্চ, ২০২৬
৪:৩০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

NP

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ১১টায় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।

সংসদীয় রীতি অনুযায়ী, প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। একই সঙ্গে এটি ২০২৬ সালেরও প্রথম সংসদ অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভা অনুমোদনের পর সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংসদ সচিবালয়ের সূত্র জানায়, অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালী নির্ধারণের জন্য সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে অধিবেশনের সময়কাল এবং কার্যসূচি নির্ধারণ করা হবে।
প্রথম বৈঠকে সরকারি দলের প্রধান (ট্রেজারি বেঞ্চের নেতা) সরকার যেসব অধ্যাদেশকে আইনে রূপ দিতে চায় সেগুলো সংসদের সামনে উপস্থাপন করবেন। অন্তর্বর্তীকালীন সরকার তাদের ১৮ মাসের মেয়াদকালে মোট ১৩০টি অধ্যাদেশ জারি বা সংশোধন করেছে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় প্রথম অধিবেশনে একজন জ্যেষ্ঠ বিএনপি নেতা সাময়িকভাবে সভাপতিত্ব করবেন বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
প্রথম বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং রাষ্ট্রপতি তাদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথগ্রহণের জন্য অধিবেশন ১৫ থেকে ২০ মিনিটের জন্য মুলতবি করা হতে পারে। এরপর নবনির্বাচিত স্পিকার অধিবেশনে সভাপতিত্ব করবেন।

এছাড়া প্রথম বৈঠকেই সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হবে, যার প্রধান থাকবেন স্পিকার। এই কমিটিই অধিবেশনের সময়কাল ও অন্যান্য কর্মসূচি নির্ধারণ করবে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলোও গঠন করা হতে পারে।

সংসদের প্রথম বৈঠকে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাবও গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন।