

বাংলাদেশের একমাত্র বার্ষিক আন্তর্জাতিক মূকাভিনয় আয়োজন ‘আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব’-এর সপ্তম আসর বসতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন (ডুমা)-এর আয়োজনে আগামী ০২ থেকে ০৪ ডিসেম্বর তিন দিনব্যাপী এই উৎসব রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে।
উৎসব আয়োজক কমিটি জানায়, মূকাভিনয় শিল্প এবং নীরব অভিব্যক্তির বৈশ্বিক প্রচার ও প্রসারে বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এবারের উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পীরাও তাদের পারফরম্যান্স প্রদর্শন করবেন। এছাড়া, নতুন ও সম্ভাবনাময় মূকাভিনয় শিল্পীদের জন্য নিবন্ধনের মাধ্যমে নিজ মান যাচাইপূর্বক উৎসবে পারফর্ম করার বিশেষ সুযোগ রাখা হয়েছে।
ইতোমধ্যেই সকল শিল্পকলাপ্রেমী, অভিনয়শিল্পী ও শিক্ষার্থীদের এই আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। শীঘ্রই উৎসবের নির্ধারিত ভেন্যু, কর্মশালা, শিল্পী তালিকা এবং নিবন্ধনের বিস্তারিত তথ্য জানানো হবে।