

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বৈদেশিক বিনিয়োগ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শিল্পায়ন থেকে শুরু করে পুঁজিবাজারের সম্প্রসারণ-প্রতিটি ক্ষেত্রেই বিদেশি বিনিয়োগ অর্থনীতিকে গতিশীল করছে। তবে এই বিনিয়োগের ধরন নিয়ে আলোচনা দিন দিন জোরালো হচ্ছে। প্রশ্ন একটাই-বাংলাদেশের ব্যবসা অর্থনীতিকে প্রকৃত অর্থে এগিয়ে নিচ্ছে কোনটি, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) না বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই)?
বৈদেশিক বিনিয়োগ বলতে সাধারণভাবে বোঝায়, বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন কোনো দেশের অর্থনীতিতে পুঁজি বিনিয়োগ করে। এই বিনিয়োগের মধ্যে এফডিআই ও এফপিআই-দুটি ধারাই বাংলাদেশের অর্থনীতিতে সক্রিয়, তবে তাদের প্রভাব ও চরিত্র ভিন্ন। এফডিআই মূলত দীর্ঘমেয়াদি বিনিয়োগ, যেখানে বিদেশি কোম্পানি সরাসরি শিল্পকারখানা স্থাপন করে বা উৎপাদনমুখী ব্যবসায় যুক্ত হয়। বাংলাদেশের তৈরি পোশাক, টেলিযোগাযোগ, জ্বালানি ও অবকাঠামো খাতে এফডিআই-এর উপস্থিতি শিল্পভিত্তিকে শক্তিশালী করেছে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়িয়েছে। প্রযুক্তি হস্তান্তর ও ব্যবস্থাপনাগত দক্ষতার উন্নয়নের মাধ্যমে এই বিনিয়োগ দেশের উৎপাদন সক্ষমতাকেও বিস্তৃত করেছে।
অন্যদিকে এফপিআই তুলনামূলকভাবে স্বল্পমেয়াদি বিনিয়োগ, যা প্রধানত শেয়ারবাজার ও আর্থিক খাতে কেন্দ্রীভূত। বিদেশি বিনিয়োগকারীরা যখন শেয়ার বা বন্ডে বিনিয়োগ করেন, তখন পুঁজিবাজারে তারল্য বাড়ে এবং বাজারে আস্থার একটি বার্তা পৌঁছে যায়। এতে বাজার সক্রিয় হয়, লেনদেন বাড়ে এবং আর্থিক খাতে গতি আসে। তবে এই বিনিয়োগের একটি দুর্বল দিকও রয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে এফপিআই দ্রুত প্রত্যাহার হয়ে যেতে পারে, যা বাজারে অস্থিরতা সৃষ্টি করে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির ভিত্তি গড়ে তোলে মূলত এফডিআই। শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি আয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকার কারণে এফডিআই অর্থনীতির বাস্তব কাঠামোকে শক্ত করে। তবে একই সঙ্গে এফপিআই-কে উপেক্ষা করার সুযোগ নেই। একটি শক্তিশালী ও কার্যকর পুঁজিবাজার গড়ে তুলতে এফপিআই গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখে, যা সামগ্রিক অর্থনৈতিক পরিবেশকে আরও গতিশীল করে।
সবশেষে বলা যায়, বাংলাদেশের ব্যবসা অর্থনীতিকে এগিয়ে নিতে এককভাবে এফডিআই বা এফপিআই নয়, বরং দুটির সমন্বয়ই প্রয়োজন। তবে দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন, শিল্পের সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এফডিআই-ই তুলনামূলকভাবে বেশি কার্যকর ও নির্ভরযোগ্য বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। সঠিক নীতিমালা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
লেখক: আরিফ হোসেন
শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর