

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন পরিচালিত ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট কম্পিটেনসিজ ফর প্রফেশনালস ’ শীর্ষক ৬ সপ্তাহের সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৌশল শেখানোর লক্ষ্যে আয়োজিত এই বিশেষ কোর্সে ভর্তির শেষ তারিখ আগামী ২০ আগস্ট, ২০২৬।
কোর্সটি মূলত বিভিন্ন ক্ষেত্রে কর্মরত টিম লিডার, প্রজেক্ট ম্যানেজার, সরকারি কর্মকর্তা এবং উন্নয়ন খাতের পেশাজীবীদের জন্য তৈরি করা হয়েছে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা এতে আবেদনের সুযোগ পাবেন, তবে ন্যূনতম দুই বছরের পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে। সীমিত আসনের কারণে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আবেদনকারীদের মধ্য থেকে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের কোর্স ফি বাবদ মোট ৩২ হাজার টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর থেকে আইবিএ ভবনে সরাসরি ক্লাস শুরু হবে। ৬ সপ্তাহের এই কোর্সে শুক্রবার ও শনিবার দুটি ভিন্ন সেকশনে সকাল থেকে বিকেল পর্যন্ত সেশনগুলো পরিচালিত হবে, যেখানে আইবিএ-র অভিজ্ঞ শিক্ষক ও প্রফেশনালরা পাঠদান করবেন। সফলভাবে কোর্সটি সম্পন্নকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে সনদপত্র প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা এই লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন: (http://mdp.iba-du.edu/pmc)