

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।আজ বরিবার ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪–২ গোলে বিধ্বস্ত করে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুন, মনিকা চাকমারা।
দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ছয় ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থাকে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটান পাঁচ ম্যাচে পেয়েছে ১১ পয়েন্ট।
ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে আজকের ম্যাচে ‘ড্র করলেই চ্যাম্পিয়ন’ সমীকরণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন সাবিনারা। তবে ম্যাচের প্রথম গোলটি করে মালদ্বীপ। তৃতীয় মিনিটে গোলকিপার স্বপ্না আক্তার ও মাসুরা পারভীনের বোঝাপড়ার ভুলে বল বাংলাদেশের জালে জড়িয়ে যায়।
তবে দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ। পঞ্চম মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে সমতাসূচক গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। এক মিনিট পর পেনাল্টি পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ১৩ মিনিটে আবার ফ্রি-কিক পায় বাংলাদেশ। এবার আর ভুল করেননি সাবিনা, সরাসরি শটে জাল কাঁপিয়ে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি মালদ্বীপ। একের পর এক গোল হজম করতে থাকে তারা।
২০ মিনিট দৈর্ঘ্যের প্রথমার্ধে আরও চারটি গোল করে বাংলাদেশ। ৬-১ ব্যবধানে এগিয়ে থাকা এই অর্ধে সাবিনার মতো জোড়া গোল করেন লিপি আক্তারও।
দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে বাংলাদেশ। এই অর্ধে আটটি গোল করেন লাল-সবুজের মেয়েরা। ম্যাচের ২২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। এক মিনিট পর বাংলাদেশের অষ্টম গোলটি করেন মাতসুশিমা সুমাইয়া। ২৬ মিনিটে নিজের নামের পাশে আরেকটি গোল যোগ করেন সাবিনা।
ম্যাচ শেষ হওয়ার আগে মালদ্বীপকে আরও পাঁচ গোল দেয় বাংলাদেশ। ১০ ও ১১ নম্বর গোলটি করেন নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তার। ৩১ মিনিটে কৃষ্ণা উদ্যাপন করেন বাংলাদেশের ১২তম গোল। মালদ্বীপের কফিনে শেষ দুটি পেরেক ঠোকেন মেহেরুন আক্তার ও মাসুরা।
উল্লেখ্য, ২০১৮ সালে ফুটসালে বাংলাদেশের মেয়েদের পথচলা শুরু হয়। সে বছর কোচ গোলাম রব্বানীর অধীনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশ নারী ফুটসাল দল। এরপর দীর্ঘ ছয় বছর কার্যক্রম বন্ধ ছিল। গত বছরের শেষ দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন করে দল গঠন শুরু করে। প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দেশে ও দেশের বাইরে অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠে এই চ্যাম্পিয়ন দল।