

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রাত ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল দেখতে পারবেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে বিষয় পছন্দক্রম (সাবজেক্ট চয়েজ) প্রদান করতে হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটে পাশের হার ৫৫.০৮ শতাংশ এবং সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৫.২৫। এ ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ২০৩ জন, যেখানে আবেদন জমা পড়েছিল ৪৬ হাজার ৩৩৬ জনের।
কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটে পাশের হার ৫৪.৭৬ শতাংশ এবং সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৬.২৫। এ ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৯৮ জন পরীক্ষার্থী। আবেদন করেছিলেন ৩৭ হাজার ৬১৪ জন ভর্তিচ্ছু।
অন্যদিকে, বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটে পাশের হার ৬৪.৩৩ শতাংশ এবং সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৮। উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬৪৮ জন পরীক্ষার্থী, যেখানে আবেদন জমা পড়েছিল ১২ হাজার ৮৩০ জনের।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট এবং ৩১ জানুয়ারি ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।