মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত ভুল নম্বরে টাকা পাঠিয়ে ফেলতে পারো। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়াটা স্বাভাবিক। সম্প্রতি এমনই এক ঘটনায় দেখা গেছে, একজন ব্যবহারকারী ভুল করে তার পুরো মাসের বেতন অন্য একটি মোবাইল ব্যাংকিং নম্বরে পাঠিয়ে দেন এবং পরে বুঝতে না পেরে হতাশ হয়ে পড়েন।
যদি তুমি বিকাশে সেন্ড মানি করে এমন কোনো নম্বরে টাকা পাঠাও, যেখানে বিকাশ অ্যাকাউন্ট নেই, তাহলে সাধারণত তিন কার্যদিবসের মধ্যে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে তোমার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। তবে এই তিন দিনের মধ্যে যদি ওই সিম নম্বরের মালিক বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলে, তাহলে আর টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে না। তাই অপেক্ষা না করে দ্রুত বিকাশ কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে যোগাযোগ করাই সবচেয়ে ভালো উপায়।
আর যদি যে নম্বরে তুমি টাকা পাঠিয়েছো সেখানে আগে থেকেই বিকাশ অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই ৩০ দিনের মধ্যে বিকাশ হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানাতে হবে। তারা লেনদেনসংক্রান্ত বিভিন্ন তথ্য যাচাই করবে। সব কিছু ঠিক থাকলে তুমি টাকা ফেরত পেতে পারো। তবে এই ৩০ দিনের মধ্যেই যদি প্রাপক টাকা তুলে নেয়, তাহলে সেই টাকা ফেরত পাওয়া সম্ভব হবে না।
তাই তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকা পাঠানোর আগে নম্বর ভালো করে যাচাই করা। আর ভুল হয়ে গেলে দেরি না করে দ্রুত বিকাশ কাস্টমার কেয়ারের সাহায্য নেওয়া, যাতে অপ্রয়োজনীয় আর্থিক ক্ষতির মুখে না পড়ো।


