

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য যুক্তরাজ্য। প্রতিবছর বিশ্বের প্রায় ১৯৫টি দেশ থেকে এক লক্ষাধিক শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় আকর্ষণীয় স্কলারশিপ প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় দিচ্ছে স্নাতক পর্যায়ে অধ্যয়নের জন্য ‘থিঙ্ক বিগ স্কলারশিপ’।
বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১০ এপ্রিল ২০২৬।
স্কলারশিপের বিবরণ
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে প্রদত্ত ‘থিঙ্ক বিগ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ৬,৫০০ থেকে ১৩,০০০ পাউন্ড পর্যন্ত টিউশন ফি সহায়তা দেওয়া হবে। এছাড়া জীবনযাত্রার ব্যয় মেটাতে অতিরিক্ত ৩,০০০ পাউন্ড প্রদান করা হবে। আবেদন করতে কোনো ফি লাগবে না।
যেসব বিষয়ে আবেদন করা যাবে
সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত স্নাতক প্রোগ্রামে এ স্কলারশিপ প্রযোজ্য। তবে মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স বিষয়ে এ স্কলারশিপ দেওয়া হবে না।
উল্লেখ্য, ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য গবেষণা বিশ্ববিদ্যালয়, যা ইংল্যান্ডের ব্রিস্টল শহরে অবস্থিত।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে যুক্তরাজ্যের বাইরের নাগরিক হতে হবে;
মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স ছাড়া যেকোনো স্নাতক বিষয়ে ভর্তি হওয়ার যোগ্যতা থাকতে হবে;
স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে;
একাডেমিক ফলাফল ভালো হতে হবে;
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত আবেদনপদ্ধতি ও প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০২৬।