/
/
/
‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে দ্বিতীয় ঢাকা
‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে দ্বিতীয় ঢাকা
Byলাল সবুজ প্রকাশ
Published২৬ ফেব্রুয়ারি, ২০২৬
১০:৫০ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

download (14)

শীতের শুষ্ক আবহাওয়া ও বৃষ্টির দীর্ঘ অনুপস্থিতিতে রাজধানী ঢাকার বাতাসের মান আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে প্রকাশিত আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৪৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। পরিবেশ বিজ্ঞানের মানদণ্ডে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

প্রকাশিত তালিকায় দেখা যায়, ৫৫৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। ২৪৬ স্কোর নিয়ে ঢাকার সঙ্গে একই অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ভারতের কলকাতা (২৩৪) ও দিল্লি (১৯১) যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ স্থানে রয়েছে। ১৯৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে আফগানিস্তানের রাজধানী কাবুল।

দক্ষিণ এশিয়ায় শুষ্ক মৌসুমে বায়ুদূষণ বাড়া নতুন নয়। তবে ঢাকায় প্রায় প্রতিদিনই বাতাসের মান অস্বাস্থ্যকর বা তারও নিচের স্তরে থাকছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একিউআই মানদণ্ড অনুযায়ী, ০–৫০ স্কোর ‘ভালো’, ২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দূষিত বাতাস শিশু, প্রবীণ ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের জন্য মারাত্মক হুমকি। তাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বের হলে সুরক্ষা মাস্ক ব্যবহার করারও আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে যারা নিয়মিত খোলা পরিবেশে কাজ করেন তাদের জন্য।

নগর পরিকল্পনাবিদদের মতে, নির্মাণকাজের ধুলা ও যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলে রাজধানীর বায়ুমানের দ্রুত উন্নতির সম্ভাবনা কম।