

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্য ইতালি। বিশ্বমানের শিক্ষা, বিভিন্ন ধরনের স্কলারশিপ এবং তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ থাকায় দেশটিতে পড়তে আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে।
ইতালির ইউনিভার্সিটি অব ক্যামেরিনো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপের সুযোগ দিচ্ছে। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়সহ বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬।
১৩৩৬ সালে প্রতিষ্ঠিত ইতালির মধ্যাঞ্চলে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যামেরিনো দেশটির অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ঐতিহ্য, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং গবেষণার সুযোগের জন্য বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত।
স্কলারশিপের সুবিধা
স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন-
সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ
মাসিক ভাতা
বিনা খরচে বা স্বল্পমূল্যে আবাসনের সুবিধা
স্বাস্থ্যবিমা সুবিধা
আবেদনের যোগ্যতা
আবেদন করতে হলে শিক্ষার্থীদের-
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
নির্বাচিত কোর্সের নির্ধারিত একাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে
ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
তবে ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। আবেদনকারী যদি পূর্বের শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকেন, তাহলে সেই প্রতিষ্ঠানের ইংলিশ মিডিয়াম সার্টিফিকেট জমা দিলেই হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় যেসব নথি লাগবে-
পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি
সব একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট
জীবনবৃত্তান্ত (সিভি)
ইংরেজি ভাষা দক্ষতার সনদ (যদি থাকে)
মোটিভেশন লেটার
পার্সোনাল স্টেটমেন্ট
দুটি রিকমেন্ডেশন লেটার
আবেদন প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬।