

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (IML) কর্তৃক পরিচালিত ইংরেজি ভাষার একটি সংক্ষিপ্ত কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সকলের জন্য উন্মুক্ত এই কোর্সটি ইংরেজি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কোর্সটির মেয়াদ মোট ৬০ ঘণ্টা, যা প্রায় ৩ মাসে সম্পন্ন হবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং কোর্স ফি ৯৫০০ টাকা।
ক্লাস অনুষ্ঠিত হবে সপ্তাহে তিন দিন, প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৭টা ৩০ মিনিট পর্যন্ত। ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষার্থীদের একটি প্লেসমেন্ট টেস্টে অংশগ্রহণ করতে হবে, যার মাধ্যমে তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন স্তরে (এলিমেনটারি ও প্রি-ইন্টারমিডিয়েট) ভাগ করা হবে।
আগ্রহীরা পোস্টারে দেওয়া কিউয়ার কোড স্ক্যান করে আবেদন করতে পারবেন অথবা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারবেন। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগের সুযোগ রয়েছে।
উল্লেখ্য, কোর্স শুরুর তারিখ ও সময় প্লেসমেন্ট টেস্টের পর জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।