

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষার তারিখ ঘোষণার পাশাপাশি চলতি সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে।
এর আগে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর পরিকল্পনা করেছিল। তবে মন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে, যা অনুযায়ী পরীক্ষা প্রায় এক মাস পিছিয়ে ২ জুলাই শুরু হচ্ছে।
এবারের এইচএসসি পরীক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ববর্তী বছরগুলোতে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে অভিন্ন প্রশ্ন থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়া হতো।
শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে শিগগিরই বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।