

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
অনলাইনে ফল দেখতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করলেই ফলাফল দেখা যাবে।
এসএমএসে ফল পেতে এসএসসি পরীক্ষার্থীদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। যেমন, SSC DHA 123456 2026 লিখে পাঠালে ফিরতি বার্তায় ফলাফল পাওয়া যাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা একইভাবে SSC, বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন। মাদ্রাসা শিক্ষার্থীদের ফল পেতে নির্ধারিত প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের ফলাফল শিট বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে। এজন্য রেজাল্ট কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করতে হবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
ফলাফল দেখার ওয়েবসাইট:
https://eduboardresults.gov.bd
https://educationboardresults.gov.bd