

ভারতীয় দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের বহুল আলোচিত শেষ সিনেমা ‘জননায়গন’ মুক্তির এখনো এক সপ্তাহ বাকি থাকলেও টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া ফেলেছে।
কোনো অফিশিয়াল ট্রেলার প্রকাশ না হলেও মালয়েশিয়ায় আয়োজিত বিশাল অডিও প্রকাশ অনুষ্ঠানের পর থেকেই সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির আগেই প্রিমিয়ার শো ও উদ্বোধনী দিনের টিকিট বিক্রি থেকে বিশ্বজুড়ে সিনেমাটি প্রায় ১৫ কোটি রুপি আয় করেছে। প্রাথমিক হিসাবেই এই অঙ্কে পৌঁছানো সিনেমাটিকে চলতি বছরের অন্যতম আলোচিত প্রি-রিলিজ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে ‘জননায়গন’ শিরোনামে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ, রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই থালাপতি বিজয়ের শেষ সিনেমা। এ ছাড়া ছবিটি জনপ্রিয় অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’-এর রিমেক কি না, তা নিয়েও দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে।
এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এইচ. বিনোথ বলেন, অডিও প্রকাশ অনুষ্ঠানে তিনি যা বলেছেন, সেটিই আবারও স্পষ্ট করতে চান। তাঁর ভাষায়, এই গল্প ‘ভগবন্ত কেশরী’-এর রিমেক হোক, কিছু দৃশ্য সেখান থেকে নেওয়া হোক কিংবা কোনো একটি দৃশ্য থেকে অনুপ্রাণিত হোক—এসব নিয়ে দর্শকদের চিন্তার কিছু নেই। এটি মূলত একটি থালাপতি বিজয়ের সিনেমা।
বিদেশের বাজারে ‘জননায়গন’ নিয়ে আগ্রহ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। অগ্রিম বুকিং থেকেই সিনেমাটি বিদেশে ১১ থেকে ১২ কোটি রুপি আয় করেছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে এসেছে বড় অঙ্কের আয়, যেখানে বিজয়ের শক্তিশালী ভক্তভিত্তি রয়েছে।
অন্যদিকে ভারতে এ পর্যন্ত অগ্রিম বিক্রি থেকে সিনেমাটির আয় প্রায় ৩ কোটি রুপি। তবে বর্তমানে কেবল কর্নাটক ও কেরালা এ দুটিতেই টিকিট বুকিং চালু রয়েছে। ট্রেড ট্র্যাকারদের মতে, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে আয় আরও দ্রুত বাড়বে, কারণ এসব অঞ্চল সাধারণত বিজয়ের প্রথম দিনের বক্স অফিস আয়ে বড় ভূমিকা রাখে।
সব মিলিয়ে ট্রেলার প্রকাশের আগেই ‘জননায়গন’-এর টিকিট বিক্রির এই সাফল্য প্রমাণ করছে, থালাপতি বিজয়ের শেষ সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা ও উন্মাদনা এখন তুঙ্গে।