

নিজেকে চেনার প্রশ্ন দিয়েই শুরু হয় আত্মউপলব্ধির যাত্রা। সেই প্রশ্নকেই কেন্দ্র করে তরুণ লেখক সাদিক মাহমুদ হিমেল পাঠকের সামনে তুলে ধরেছে তার প্রকাশিত বই ‘কেমন মানুষ আমি?’ যেখানে আত্মসমালোচনা, নৈতিকতা ও মানবিক বোধের গভীর অনুসন্ধান উঠে এসেছে।
সাদিক মাহমুদ হিমেল বর্তমানে পড়াশোনা করছে ভোলা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ সেমিস্টারে। তার স্থায়ী ঠিকানা উজিরপুর থানা, বরিশাল জেলা। সে লাল সবুজ সোসাইটির একজন ভলান্টিয়ার, পড়াশোনার পাশাপাশি চিন্তা ও অনুভূতিকে শব্দে রূপ দেওয়ার এই যাত্রা শুরু হয়েছে অনেক আগেই শৈশবের এক গভীর অভ্যাস থেকে।
তরুন এ লেখক জানায়, লেখালেখির শুরুর গল্পে আছে তাঁর নানা-নানুর স্মৃতি। ছোটবেলার অনেকটা সময় কেটেছে তাঁদের সঙ্গেই। বিশেষ করে নানুকে নিয়মিত বই পড়তে দেখাই বইয়ের সঙ্গে তাঁর প্রথম বন্ধন গড়ে দেয়। ক্লাস সিক্স কিংবা সেভেনে পড়ার সময় নানু প্রায়ই তাঁকে বই পড়ে শোনাতে বলতেন। আগ্রহ নিয়ে সেই দায়িত্ব পালন করতে গিয়েই বই ও ভাষার প্রতি ভালোবাসা তৈরি হয়। একসময় মনে হয়েছে, নিজের ভাবনা ও অনুভূতিগুলো প্রকাশ করার মতো শব্দ ও সামর্থ্য তাঁর ভেতরে রয়েছে। সেই বিশ্বাসই তাকে লেখালেখির পথে এগিয়ে নেয় এবং বই প্রকাশের সাহস জোগায়।
‘কেমন মানুষ আমি?’ এই বইয়ের মূল প্রেক্ষাপট আত্মউপলব্ধি। লেখকের মতে, আমরা অধিকাংশ সময় অন্যের ভুল, পাপ কিংবা দুর্বলতা খুঁজতেই ব্যস্ত থাকি; কিন্তু নিজের ভেতরের ভুলগুলো দেখতে চাই না। বইটির প্রতিটি লেখা পাঠককে সেই জায়গাতেই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। নিজের ভেতরের মানুষটিকে চেনা, নিজেকে কাঠগড়ায় দাঁড় করানো এবং আত্মসমালোচনার সাহস অর্জনই এই বইয়ের মূল সুর।
বইটি প্রকাশের পেছনে তরুণ লেখক সাদিক মাহমুদ হিমেলের কিছু স্পষ্ট উদ্দেশ্য রয়েছে বলেও জানায় সে। হিমেল, পাঠককে নিজের ভেতরের মানুষটিকে চিনতে ও উপলব্ধি করতে উদ্বুদ্ধ করতে চায়। অন্যের ভুল দেখার আগে নিজের সীমাবদ্ধতা ও দুর্বলতা দেখার মানসিকতা তৈরি করাও তার লক্ষ্য। একই সঙ্গে আত্মসমালোচনা ও আত্মঅনুসন্ধানের গুরুত্ব তুলে ধরা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ নিয়ে পাঠককে ভাবতে উদ্বুদ্ধ করাই এই বইয়ের প্রধান উদ্দেশ্য। তার ভাষায়, লেখার মাধ্যমে সমাজের প্রতি একটি সচেতন বার্তা পৌঁছে দিতে চায় সে।
ভবিষ্যৎ ভাবনায়ও আত্মঅনুসন্ধান, মানুষ ও সমাজই থাকবে তাঁর লেখার কেন্দ্রবিন্দু। নিয়মিত লেখালেখির মাধ্যমে পাঠকের সঙ্গে একটি সচেতন, চিন্তাশীল ও মানবিক সংযোগ তৈরি করাই সাদিক মাহমুদ হিমেলের মূল লক্ষ্য।
তরুন লেখক হিমেল লাল সবুজ প্রকাশকে বলে, লেখালেখি নিয়ে আমার আগ্রহ ছোটবেলা থেকেই। আমার এই বই মূলত আত্মঅনুসন্ধানমূলক একটি বই। আগামীতে আমি লেখালেখির মাধ্যমে পাঠকদের সচেতন কড়তে চাই এবং তাদের চিন্তাশীল ও মানবিক সংযোগে আগ্রহী করে তুলতে চাই।‘