/
/
দেশের শিক্ষার্থীর জন্য আন্তর্জাতিক সেরা ১০ প্রতিযোগিতা
দেশের শিক্ষার্থীর জন্য আন্তর্জাতিক সেরা ১০ প্রতিযোগিতা
ByMozammel Haque Hridoy
Published১২ জানুয়ারি, ২০২৬
১:৩৫ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

অপার্চুনিটি

প্রতিবছরই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতা থেকে পুরস্কার নিয়ে আসে আমাদের শিক্ষার্থীরা। গৌরব অর্জন করে আন্তর্জাতিক অঙ্গণে। নতুন বছর শুরু মানেই আবার নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা, আর প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো সময়ও এখনই। সামনে কী কী বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা আছে? কোন প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান কেমন? আর কোথা থেকে পাওয়া যাবে নির্ভরযোগ্য তথ্য ও দিকনির্দেশনা? এমন প্রশ্নের উত্তর চায় অনেকে, খুজতে থাকে কোথায় কেমন সুযোগ বা অন্যান্য কিছু আছে। এ ধরনের বিষয়কে সহায়তা করবে এ লেখাটি।

এ তালিকায় আছে উদ্যোক্তা থেকে মহাকাশ-প্রযুক্তি, গবেষণা থেকে প্রোগ্রামিং, রোবোটিকস থেকে বিতর্ক- এমন নানা ক্ষেত্রের শীর্ষ আন্তর্জাতিক আসর। প্রতিটি প্রতিযোগিতার ধরন আলাদা, প্রস্তুতির পদ্ধতিও ভিন্ন। তবে একটি জায়গায় সবাই এক, সময়মতো প্রস্তুতি নিলে সুযোগ তৈরি হয় আর সেই সুযোগই একদিন বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্বে রূপ নেয়। এনে দেয় নয়া সম্ভাবনা ও অর্জন। আজ দেখব সেই সম্ভাবনার জায়গাগুলো।

হাল্ট প্রাইজ: সামাজিক সমস্যার “ব্যবসায়িক সমাধান” খোঁজার লড়াই

বিভিন্ন সামাজিক সমস্যার ‘ব্যবসায়িক সমাধান’ খোঁজার এই প্রতিযোগিতাকে বলা হয় ‘ছাত্রদের নোবেল পুরস্কার’। শিক্ষার্থীদের অংশগ্রহণে যেসব আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কারগুলোর একটি হাল্ট প্রাইজ। প্রতিবছরই আমাদের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।

দেশে বর্তমানে ১০০’এর বেশি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের অন-ক্যাম্পাস রাউন্ড অনুষ্ঠিত হয়। এখান থেকেই নির্বাচিত হয়ে ধাপে ধাপে এগোতে হয়। সাধারণত তিন-চারজনের দল গঠন করে অংশ নিতে হয়।

সুযোগ-সুবিধা
  • বিজয়ী দলের জন্য ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার
  • লন্ডনে ‘ইনকিউবেশন প্রোগ্রামে’ অংশ নেওয়া ও আন্তর্জাতিক মেন্টরশিপ
  • নিউইয়র্কের গ্লোবাল সামিটে আইডিয়া উপস্থাপনের সুযোগ

কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা: লেখালেখির বিশ্বমঞ্চে বাংলাদেশের ধারাবাহিকতা

১৮৮৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণদের কণ্ঠস্বর বিশ্বমঞ্চে তুলে ধরা হয়। সাহিত্য ও সৃষ্টিশীল লেখার মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত এটি। প্রতিবছর বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয় এবং নিয়মিত গোল্ড ও সিলভার মেডেলও আসে।

সুযোগ-সুবিধা
  • আন্তর্জাতিক পর্যায়ে লেখা প্রকাশ ও সনদ
  • বিশ্বখ্যাত লেখক-সাহিত্যিকদের সান্নিধ্য ও মেন্টরশিপ
  • বিজয়ী/রানারআপদের লন্ডন ভ্রমণ ও বাকিংহাম প্যালেসে সংবর্ধনার সুযোগ

ফিলিপ সি. জেসাপ: আইন শিক্ষার্থীদের ‘বিশ্বকাপ’

ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশন বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে পুরোনো মুট কোর্ট প্রতিযোগিত- আইন শিক্ষার্থীদের ‘বিশ্বকাপ’ নামে পরিচিত। কাল্পনিক আন্তর্জাতিক আদালতে একটি দেশের হয়ে যুক্তি উপস্থাপন করতে হয়। ১৯৬০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ২০১৭ সাল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিবছরই মূল আসরে যাওয়ার লক্ষ্যে প্রতিযোগিতায় অংশ নেয়।

সুযোগ-সুবিধা

  • আন্তর্জাতিক আদালতের বিচারক ও প্রখ্যাত আইনজীবীদের সামনে যুক্তি উপস্থাপন
  • আন্তর্জাতিক আইন ও গবেষণায় বিশ্বমানের দক্ষতা
  • নামী ল-ফার্ম ও আইনি সংস্থায় কাজের ক্ষেত্রে অগ্রাধিকার

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ: ডেটা দিয়ে পৃথিবী-মহাকাশের সমস্যার সমাধান

বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথনগুলোর একটি নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দেওয়া উপাত্ত ব্যবহার করে পৃথিবী ও মহাকাশের বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে হয় এখানে। বাংলাদেশের দলগুলো এই প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভালো করছে।

সুযোগ-সুবিধা

  • নাসার রকেট উৎক্ষেপণ সরাসরি দেখার আমন্ত্রণ
  • নাসার বিজ্ঞানীদের সঙ্গে কাজ করার সুযোগ ও বৈশ্বিক স্বীকৃতি

গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস: স্নাতক গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি

শেষ বর্ষে থিসিস বা গবেষণাপত্র তৈরি করতে গিয়ে হিমশিম খাচ্ছ? অনুপ্রেরণা হতে পারে এই প্রতিযোগিতা। স্নাতক পর্যায়ের গবেষণাকেই পুরস্কৃত করে ‘গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস’। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিতই এতে ‘আঞ্চলিক বিজয়ী’ হয়ে আয়ারল্যান্ডে দেশের প্রতিনিধিত্ব করে। ২৫টি ভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরাদের সঙ্গে এখানে মেধার লড়াই হয়।

তবে সঠিক তথ্য ও নির্দেশনার অভাবে এই প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের হার তুলনামূলক কম-এমন পর্যবেক্ষণও রয়েছে।

সুযোগ-সুবিধা

  • আয়ারল্যান্ডের ডাবলিনে গ্লোবাল সামিটে অংশগ্রহণ
  • আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণাপত্র প্রকাশ

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ: আইডিয়া থেকে বিনিয়োগ, বিশ্বব্যাপী স্টার্টআপ লড়াই

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ যুক্তরাষ্ট্রভিত্তিক পেগাসাস টেক ভেঞ্চার্সের উদ্যোগে ১০০টির বেশি দেশে অনুষ্ঠিত হয়। উদ্ভাবনী স্টার্টআপকে বিনিয়োগকারী, করপোরেট ব্যক্তিত্ব ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয় এটি। বাংলাদেশে আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগ। গত বছর বাংলাদেশ পর্বে বিজয়ী হয়ে ৫০ হাজার টাকার বিনিয়োগ জিতে নেয় ‘রোবোলাইফ’।

সুযোগ-সুবিধা

  • গ্লোবাল উইনারের জন্য ১ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের বিনিয়োগ
  • সিলিকন ভ্যালিতে বিনিয়োগকারী ও মেন্টরদের সামনে স্টার্টআপ উপস্থাপন
  • আন্তর্জাতিক নেটওয়ার্কিং ও ভেঞ্চার ক্যাপিটালিস্টদের সঙ্গে যোগাযোগ

আইসিপিসি: প্রোগ্রামিংয়ের “বিশ্বকাপ”যেখানে দক্ষতার আসল পরীক্ষা

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি)-কে বলা হয় প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ। এটি কম্পিউটার প্রোগ্রামিংয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবছর শুধু যে এতে অংশ নিচ্ছে তা নয়, ২০২২ সালে বাংলাদেশ ছিল চূড়ান্ত আসরের (ওয়ার্ল্ড ফাইনালস) আয়োজকও।

ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদমে দক্ষ শিক্ষার্থীদের জন্য এটি বড় “ব্যাটলগ্রাউন্ড”। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিয়মিত ভালো ফল করে আসছে।

সুযোগ-সুবিধা

  • বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে (যেমন গুগল, মেটা) কাজের সুযোগ
  • আন্তর্জাতিক প্রোগ্রামিং কমিউনিটিতে শক্তিশালী অবস্থান ও স্বীকৃতি

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ: মঙ্গলের জন্য রোভার -বাংলাদেশের স্বপ্নও বড়

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) বেশ জনপ্রিয়। সারা বিশ্বেও এটি অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা। মঙ্গলগ্রহের উপযোগী রোভার (রোবট) তৈরি করতে হয় এখানে।

ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ব্র্যাক ইউনিভার্সিটি, এমআইএসটি, গাজীপুরের আইইউটি এমন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিয়মিত অংশ নিচ্ছে। গত বছর ইউআইইউ মার্স রোভার টিম এশিয়ায় প্রথম এবং বিশ্বব্যাপী ষষ্ঠ স্থান অর্জন করে। শিক্ষার্থীদের বিশ্বাস- যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আরও সুখবর আসতে পারে।

সুযোগ-সুবিধা

  • নাসার বিজ্ঞানী ও বিশ্বের শীর্ষ রোবোটিকস বিশেষজ্ঞদের সামনে উদ্ভাবন উপস্থাপন
  • মহাকাশ গবেষণা ও রোবোটিকস প্রকৌশলের অত্যাধুনিক প্রযুক্তিতে হাতে-কলমে প্রশিক্ষণ
  • আন্তর্জাতিক নেটওয়ার্কিং ও মহাকাশ গবেষণা সংস্থায় ক্যারিয়ার পথ সুগম

ফর্মুলা এসএই: রেসিং কার বানিয়ে শেখা, ইঞ্জিনিয়ারিং থেকে মার্কেটিং পর্যন্ত

১৯৮০ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ফর্মুলা এসএই বর্তমানে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ের বড় আসর। এখানে শিক্ষার্থীদের ছোট আকারের ‘ফর্মুলা স্টাইল’ রেসিং কার নকশা ও নির্মাণ করতে হয়। ‘ফর্মুলা এসএই জাপান ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ সার্বিক র‍্যাঙ্কিংয়ে ১৮তম স্থান অর্জন করে। ‘পিআর অ্যাওয়ার্ড’ বিভাগে তাদের অবস্থান ছিল তৃতীয়।

সুযোগ-সুবিধা

  • আন্তর্জাতিক অটোমোবাইল ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের সঙ্গে কাজের অভিজ্ঞতা
  • গাড়ির নকশা, উৎপাদন ও মার্কেটিং–সংক্রান্ত ব্যবসায়িক জ্ঞান
  • বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে (যেমন টয়োটা, হোন্ডা) ক্যারিয়ারের সুযোগ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ: যুক্তির বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনা

বিতর্কের বিশ্বকাপ হিসেবে পরিচিত এই প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা অংশ নেয়। এর আগে এ প্রতিযোগিতায় পূর্ব সাফল্য বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটি বড় অনুপ্রেরণা, আগামী আসরে যারা অংশ নিতে চায়, তাদের এখন থেকেই প্রস্তুতি জরুরি।

সুযোগ-সুবিধা

  • বিশ্বের সেরা বিতার্কিক ও চিন্তাবিদদের সঙ্গে মেধা যাচাই
  • জটিল বৈশ্বিক ইস্যুতে বিশ্লেষণী ও যৌক্তিক ভাবনার দক্ষতা
  • আন্তর্জাতিক ডেলিগেট হিসেবে বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব

প্রস্তুতির শেষ কথা: কোথা থেকে জানবে?

আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে সবচেয়ে জরুরি তিনটি জিনিস, সঠিক তথ্য, নিয়মিত অনুশীলন এবং দল/মেন্টর নেটওয়ার্ক তুমি যদি শিক্ষার্থী হও, তাহলে তোমার ক্যাম্পাসের সংশ্লিষ্ট ক্লাব/কমিউনিটি, টিম বা সিনিয়র অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত হওয়াই দ্রুততম পথ। কারণ, তাদের অভিজ্ঞতা থেকেই পাওয়া যায় প্রকৃত দিকনির্দেশনা, কীভাবে দল গঠন করবে, কীভাবে প্রপোজাল/পেপার/ডেমো/প্রেজেন্টেশন দাঁড় করাবে আর কীভাবে সময়মতো প্রস্তুতি নেবে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের শিক্ষার্থীদের যে সাফল্য ইতিমধ্যে তৈরি হয়েছে, সেটিই বলে দেয়, প্রস্তুতি ঠিক থাকলে নতুন বছর মানেই নতুন পদক, নতুন গল্প, নতুন অর্জন।