/
/
টানা পঞ্চম জয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত বাংলাদেশের মেয়েদের
টানা পঞ্চম জয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত বাংলাদেশের মেয়েদের
Byলাল সবুজ প্রকাশ
Published২৯ জানুয়ারি, ২০২৬
১২:৪০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of Copy of lsp photo

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম ম্যাচে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। এই জয়ের পরই বিকেলে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয়ে বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যায়। একই সঙ্গে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। নারী টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের মেয়েদের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে থাইল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১২৬ রানে।

সুপার সিক্স পর্বে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে। ৩ ম্যাচে ৩ জয়ে নিগারদের পয়েন্ট ৬। গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের পয়েন্ট যোগ হয়ে এই হিসাব দাঁড়িয়েছে। নিয়ম অনুযায়ী, সুপার সিক্সে একটি দল মোট তিনটি ম্যাচ খেললেও হিসাব হবে পাঁচ ম্যাচের পয়েন্টে। বর্তমানে বাংলাদেশের রানরেট ১.১৫০, যা স্কটল্যান্ডের (১.৩৫৬) চেয়ে কিছুটা কম। সুপার সিক্সের সেরা চার দল আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল ধাক্কায় ভরা। প্রথম বলেই গোল্ডেন ডাক নিয়ে ফেরেন ওপেনার দিলারা আক্তার। দ্রুত সাজঘরে ফেরেন শারমিন আক্তারও। তবে এরপর পরিস্থিতি সামাল দেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। এই জুটিতে আসে ৮২ বলে ১১০ রান, যা বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

জুয়াইরিয়া ফেরদৌস ৪৫ বলে ৪ ছক্কায় ৫৬ রান করেন। নারী টি-টোয়েন্টিতে এক ইনিংসে বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ছক্কার যৌথ রেকর্ড এটি। অন্য প্রান্তে আরও আক্রমণাত্মক ছিলেন সোবহানা মোস্তারি। তিনি ৪২ বলে ৫৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন। শেষ দিকে রিতু মনির ৬ বলে ১৫ রানের ক্যামিওতে স্কোরবোর্ড আরও সমৃদ্ধ হয়।

বল হাতেও শুরুতেই আঘাত হানে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই থাই ওপেনারকে ফিরিয়ে দেন মারুফা আক্তার। ১০ ওভার শেষে থাইল্যান্ড ১ উইকেটে ৬১ রান তুললেও প্রয়োজনীয় রানরেট কখনোই তাদের নাগালে ছিল না। শেষ পাঁচ ওভারে ৭৫ রান দরকার হওয়ায় ম্যাচ কার্যত বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল। শেষ পর্যন্ত থাইদের ইনিংস থামে ১২৬ রানে। মারুফা আক্তার ২৫ রানে ৩ উইকেট নেন, আর রিতু মনি ও স্বর্ণা আক্তার নেন ২টি করে উইকেট।

অপ্রতিরোধ্য এই পারফরম্যান্সে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে আত্মবিশ্বাসের চূড়ায় উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।