
জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) প্রকল্পের আওতায় পরিচালিত কেয়ারগিভিং কোর্সে প্রশিক্ষণার্থীদের জন্য ফরম সংগ্রহ ও ভর্তি পরীক্ষার সময়সূচি বাড়ানো হয়েছে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্রেনিং ইনস্টিটিউট (জেবিএফটিআই) এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কেয়ারগিভিং কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর আগে নির্ধারিত ফরম পূরণ করে ইনস্টিটিউটে জমা দেওয়া বাধ্যতামূলক।
এনএইচআরডিএফ প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতায় পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের অর্থায়নে জেবিএফটিআইতে তিন মাস মেয়াদি নির্ধারিত কেয়ারগিভিং প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে।
কোর্সগুলোতে জেনারেল কেয়ারগিভিং-লেভেল–২ এবং কেয়ারগিভিং ফর এল্ডারলি পারসন-লেভেল–৩ অন্তর্ভুক্ত রয়েছে। আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে এবং বয়স ১৮-৪৫ এর মধ্যে হতে হবে ও পূর্বে করেছে তাদের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। কোর্স শেষে এনএইচআরডিএফ প্রকল্পের বিধি অনুযায়ী যোগ্য প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের দক্ষতা মূল্যায়ন ও সনদ প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফরম সংগ্রহের জন্য আগ্রহীদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্রেনিং ইনস্টিটিউট, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা–১২১৬ ঠিকানায় সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।এছাড়াও ০১৬৭৯-৭৩১০৮০ নাম্বারে কল দিয়ে যোগাযোগ করা যাবে। আবেদনের ফরম পুরণ করে জমা দিয়ে ভর্তি পরীক্ষার জন্য সর্বশেষ সময় আগামীকাল ৩১ ডিসেম্বর।