/
/
দুই বছরের আগে ভাড়া বাড়াতে পারবে না বাড়িওয়ালাঃ ডিএনসিসি
দুই বছরের আগে ভাড়া বাড়াতে পারবে না বাড়িওয়ালাঃ ডিএনসিসি
Byলাল সবুজ প্রকাশ
Published২১ জানুয়ারি, ২০২৬
৩:৩৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of lsp photo (3)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বাড়ি ভাড়া সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে দুই বছরের আগে ভাড়া না বাড়ানোসহ মোট ১৬টি নির্দেশনা দেওয়া হয়েছে। ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষা এবং ভাড়া সংক্রান্ত হয়রানি কমানোর লক্ষ্যেই এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশান-২ এলাকার নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ নতুন এই নির্দেশিকা প্রকাশ করেন। তিনি বলেন, “ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিত করা এবং ভাড়া নিয়ে অনিয়ম ও হয়রানি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রশাসক জানান, জানুয়ারি মাসে ভাড়া বাড়ানোর প্রবণতা থেকে বাড়িওয়ালাদের বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। তাঁর ভাষায়, “ভাড়া বাড়ানোর সময় হলো জুন-জুলাই। যেহেতু বাড়ি ভাড়ার ওপর ভিত্তি করে সিটি করপোরেশনকে ট্যাক্স দিতে হয়, তাই যে হারে ট্যাক্স দেবেন, সেই হারে বাসা ভাড়া বাড়াবেন।”

এ সময় ১৬ টি নির্দেশনাও দেয়া হয়। নতুন নির্দেশিকা অনুযায়ী, বাড়ির মালিককে বাড়ি বসবাসের উপযোগী রাখতে হবে এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো ইউটিলিটি সেবার নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে হবে। কোনো সমস্যা হলে দ্রুত সমাধানের দায়িত্ব থাকবে বাড়িওয়ালার ওপর। পাশাপাশি বাড়ির ছাদ, বারান্দা ও সামনের উন্মুক্ত স্থানে সবুজায়নের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি শতভাগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভাড়াটিয়াকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে এবং বাড়িওয়ালাকে নির্দিষ্ট রশিদ দিতে হবে। ভাড়াটিয়ার যেকোনো সময় প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে এবং নিরাপত্তা বা শৃঙ্খলা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাড়াটিয়ার সম্মতি নিতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার পর দুই বছর পর্যন্ত তা বলবৎ থাকবে এবং এই সময়ের মধ্যে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না। দুই বছর পর দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভাড়া পরিবর্তন করা যাবে। ভাড়া বাড়ানোর সময় হবে জুন–জুলাই এবং সংশ্লিষ্ট এলাকার বাজারমূল্যের সর্বোচ্চ ১৫ শতাংশের বেশি বার্ষিক ভাড়া বৃদ্ধি করা যাবে না।

ভাড়াটিয়া নির্দিষ্ট সময়ে ভাড়া দিতে ব্যর্থ হলে প্রথমে মৌখিক সতর্কতা, পরে লিখিত নোটিশ দেওয়ার বিধান রাখা হয়েছে। আবাসিক ভবনের ক্ষেত্রে উভয়পক্ষ দুই মাসের নোটিশে চুক্তি বাতিল করতে পারবে। বাড়ি ভাড়া নেওয়ার সময় এক থেকে তিন মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্থানীয় পর্যায়ে ভাড়া নির্ধারণ ও সমস্যা সমাধান সহজ হয়। কোনো জটিলতা তৈরি হলে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জানাতে বলা হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী এসব নির্দেশিকা বাস্তবায়নে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের সচেতন করা হবে এবং প্রয়োজনে জোনভিত্তিক মতবিনিময় সভার আয়োজন করা হবে। নতুন এই নির্দেশিকার মাধ্যমে রাজধানীতে বাড়ি ভাড়া সংক্রান্ত শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।