/
/
মানসিক চাপ কমাতে বদলাও অভ্যাস,জেনে নাও ৯ উপায়
মানসিক চাপ কমাতে বদলাও অভ্যাস,জেনে নাও ৯ উপায়
ByMozammel Haque Hridoy
Published২৯ জানুয়ারি, ২০২৬
৪:০৫ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

unnamed (67)bhv

অফিসের কাজ, পরিবারের দায়িত্ব, আর্থিক দুশ্চিন্তা, অসুস্থতা কিংবা সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে আজকের জীবনে মানসিক চাপ যেন নিত্যসঙ্গী। এই চাপ দীর্ঘদিন ধরে চলতে থাকলে ধীরে ধীরে কমে যায় তোমার কর্মক্ষমতা, ক্ষতিগ্রস্ত হয় মানসিক সুস্থতা। তাই জীবনে যাই ঘটুক না কেন, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এখন সবচেয়ে জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ অভ্যাস গড়ে তুললেই তুমি চাইলে মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারো।

শারীরিকভাবে সক্রিয় থাকো
চাপ কমাতে শরীরচর্চার বিকল্প নেই। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম, ইয়োগা বা অ্যারোবিক করলে শরীরের সঙ্গে মনও চাঙা থাকে। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম তোমার মনকে শান্ত করতে বিশেষভাবে সাহায্য করে।

সুষম খাবার বেছে নাও
গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত চিনি ও আল্ট্রা-প্রসেসড খাবার মানসিক চাপ বাড়ায়। দীর্ঘদিন চাপে থাকলে মানুষ অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকে পড়ে। তাই প্রসেসড খাবার কমিয়ে শাকসবজি, ফলমূল ও পুষ্টিকর খাবার বেশি খাওয়ার অভ্যাস গড়ে তুললে মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে।

স্ক্রিন টাইম কমাও
মোবাইল, কম্পিউটার বা ট্যাবের সামনে অতিরিক্ত সময় কাটালে স্ট্রেস বাড়ে, ঘুমের সমস্যা দেখা দেয়। আর পর্যাপ্ত ঘুম না হলে মানসিক চাপ আরও তীব্র হয়। নির্দিষ্ট সময় পর পর স্ক্রিন থেকে দূরে থাকার চেষ্টা করো।

নিজের যত্ন নিতে শেখো
নিজেকে ভালো রাখতে প্রতিদিন কিছুটা সময় শুধু নিজের জন্য রাখো। বাইরে একটু হাঁটা, কুসুম গরম পানিতে গোসল, পছন্দের বই পড়া বা শখের কাজে সময় কাটানো তোমার মনকে প্রশান্ত করবে।

ডায়েরিতে লিখে ফেলো মনের কথা
যে বিষয়গুলো তোমাকে কষ্ট দিচ্ছে, সেগুলো লিখে ফেললে মন অনেক হালকা হয়। নিজের অনুভূতি প্রকাশের এই অভ্যাস মানসিক চাপ কমাতে কার্যকর।

ক্যাফেইন কমাও
অতিরিক্ত ক্যাফেইন মানসিক চাপ ও ঘুমের সমস্যা বাড়াতে পারে। দিনে ৪০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ না করাই ভালো। চাইলে গ্রিন টি বা স্বাস্থ্যকর স্মুদি বেছে নিতে পারো।

প্রিয়জনদের সঙ্গে সময় কাটাও
চাপের সময় পরিবার ও বন্ধুদের সান্নিধ্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের অনুভূতিগুলো তাদের সঙ্গে ভাগ করে নিলে মানসিক শক্তি ফিরে পাবে।

সীমা নির্ধারণ করো
সব দায়িত্ব একা নিতে গেলে চাপ বাড়বেই। অপ্রয়োজনীয় কাজে ‘না’ বলতে শেখো। যারা তোমার ওপর মানসিক চাপ সৃষ্টি করে, তাদের সঙ্গে স্পষ্ট সীমা তৈরি করাও জরুরি।

প্রকৃতির কাছে ফিরে যাও
সবুজ প্রকৃতির মাঝে কিছু সময় কাটালে মন স্বাভাবিকভাবেই ভালো থাকে। বাড়ির পাশের পার্ক, বাগান কিংবা খোলা জায়গায় সময় কাটানো মানসিক চাপ কমাতে দারুণ কার্যকর।

জীবনের ব্যস্ততায় নিজেকে ভুলে গেলে চলবে না। একটু সচেতন হলেই তুমি পারো মানসিক চাপকে বিদায় জানাতে, আর নিজের জীবনকে করে তুলতে আরও শান্ত ও সুন্দর।

সোর্সঃ হেলথলাইন