

বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের জন্য চালু থাকা স্টুডেন্ট ব্যাংকিং সেবার নীতিমালায় বড় পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। আগে এই সুবিধা কেবল ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ ছিল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নীতিমালা জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠিয়েছে। একই সঙ্গে ‘স্কুল ব্যাংকিং’ নাম পরিবর্তন করে সেবাটির নতুন নাম রাখা হয়েছে ‘স্টুডেন্ট ব্যাংকিং’।
হালনাগাদ নীতিমালায় স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টধারীদের জন্য ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ যুক্ত করা হয়েছে। এর আগে শিক্ষার্থীরা শুধু ডেবিট কার্ড ব্যবহারের অনুমতি পেলেও ক্রেডিট কার্ড নেওয়ার সুযোগ ছিল না।
এছাড়া এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ানো হয়েছে। এখন একজন শিক্ষার্থী মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা উত্তোলন করতে পারবেন। তবে অভিভাবকের লিখিত আবেদনের ভিত্তিতে এই সীমা বাড়িয়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা যাবে। আগের নীতিমালায় মাসিক উত্তোলন সীমা ছিল সর্বোচ্চ ৫ হাজার টাকা।
নতুন নিয়ম অনুযায়ী, একটি স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জমা রাখা যাবে এবং হিসাবটিতে সর্বোচ্চ স্থিতি হতে পারবে ৩ লাখ টাকা।
বিদেশে উচ্চশিক্ষার জন্য গমনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে আলাদা করে কোনো স্টুডেন্ট ফাইল বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। এই স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টই সে ক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে। একই সঙ্গে বৈধ পথে প্রাপ্ত রেমিট্যান্সও এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা যাবে।
এদিকে উচ্চশিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য প্রদত্ত এসব ঋণের ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।