

দেশের বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা সোনার দাম কমায় বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দর অনুযায়ী,
২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ১৫৭ টাকা কমে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকায় বিক্রি হবে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ১৫৮ টাকা কমে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেটের রুপা প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা
২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা
১৮ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা
সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা দরে বিক্রি হবে।
উল্লেখ্য, এর আগের দিন শুক্রবারও স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম ভরিতে ৩৯২ টাকা কমানো হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে স্বর্ণের দামে এই ধারাবাহিক পতনে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।