

পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরকে উৎসাহিত করতে ‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে অবদান রাখা উদ্যোগগুলোকে স্বীকৃতি দিতে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
২০২৫ সালে প্রথমবারের মতো চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে এমন কার্যক্রমকে সামনে আনা হয়, যা পরিবেশগত স্থায়িত্বের সঙ্গে নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচারকে সমন্বিত করে। আয়োজকরা জানান, একটি ন্যায্য ও টেকসই সবুজ অর্থনীতি গড়ে তুলতে নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্ব এবং অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অ্যাকশনএইড বাংলাদেশ মনে করে, ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন এমন একটি পথ, যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও লিঙ্গ সমতা একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। এ লক্ষ্যেই টানা দ্বিতীয়বারের মতো ২০২৬ সালে এই পুরস্কারের আয়োজন করা হচ্ছে।
এই পুরস্কারের মাধ্যমে অনুপ্রেরণাদায়ক উদ্যোগ ও পরিবর্তনসাধকদের স্বীকৃতি দেওয়া হবে, যা দেশে লিঙ্গসংবেদনশীল ও টেকসই কার্যক্রমের বিস্তারে ভূমিকা রাখবে বলে আশা করছে আয়োজকরা।