

দেশে প্রথমবারের মতো প্রাণীর জন্য টিকা কার্ড চালুর উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর।
মানুষের জন্য সফল সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থাকলেও প্রাণীর জন্য এখনো একটি সমন্বিত জাতীয় টিকাদান ব্যবস্থা গড়ে ওঠেনি। সচেতনতার অভাব, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভীতি, দুর্বল কোল্ড চেইন ব্যবস্থাপনা, টিকার অনিয়মিত সরবরাহ এবং প্রশিক্ষিত ভেটেরিনারি জনবলের ঘাটতির কারণে টিকাদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
এই প্রেক্ষাপটে প্রস্তাবিত টিকা কার্ড ব্যবস্থার আওতায় গবাদিপশু, পোলট্রি এবং পোষা প্রাণীর জন্য পৃথক কার্ড চালু করা হবে। এতে প্রাণীর পরিচিতি, টিকাদানের ইতিহাস এবং ভবিষ্যৎ টিকাদান সময়সূচি সংরক্ষণ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে রোগের বোঝা ও অর্থনৈতিক ক্ষতি কমবে, কৃষকের আয় বাড়বে এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত হবে। পাশাপাশি জুনোটিক রোগের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।