

পরিবার, বন্ধু কিংবা ব্যবসায়িক যোগাযোগে বহুল ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি গোপনীয়তা-সুবিধা আনতে যাচ্ছে। এখন থেকে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে ফোন নম্বর শেয়ার করার প্রয়োজন হবে না।
বার্তাসংস্থা এএফপির বরাতে জানা গেছে, ব্যবহারকারীরা শিগগিরই নিজেদের জন্য একটি স্বতন্ত্র ইউজারনেম নির্বাচন করতে পারবেন। এই ইউজারনেম ব্যবহার করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে, ফলে ব্যক্তিগত ফোন নম্বর গোপন রাখা সহজ হবে।
মেটা জানিয়েছে, বড় গ্রুপ চ্যাটে যোগ দেওয়া বা কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রথমবার যোগাযোগের সময় ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হবে না। এতে ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার হবে।
কোম্পানিটি আরও জানিয়েছে, এই সুবিধার জন্য কোনো পাবলিক ডিরেক্টরি রাখা হবে না এবং ইউজারনেমের কোনো সাজেশনও দেখানো হবে না। ফলে কারও সঙ্গে যোগাযোগ করতে হলে তার নির্দিষ্ট ইউজারনেম জানা থাকতে হবে।
মেটার তথ্য অনুযায়ী, বর্তমানে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৩০০ কোটির বেশি। তাই জনপ্রিয় অনেক ইউজারনেম আগে থেকেই নেওয়া থাকতে পারে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে বিশ্বব্যাপী এই সুবিধা চালু করা হবে। পাশাপাশি কনটেন্ট নির্মাতা, ক্ষুদ্র ব্যবসা ও বিভিন্ন সংগঠন চাইলে ফেসবুক বা ইন্সটাগ্রাম -এ ব্যবহৃত নিজেদের বিদ্যমান ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবে।