

নারীদের ট্রেকিং ও পর্বতারোহণে অংশগ্রহণ বাড়াতে পরিচালিত মেন্টরশিপ কর্মসূচি ‘ট্রেক উইথ নিশাত’-এর ২০২৬ সালের মেন্টি হিসেবে নির্বাচিত হয়েছেন তারমিম রহমান। রাজধানীর বনানীতে আয়োজিত পঞ্চম আসরের সমাপনী অনুষ্ঠানে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
পর্বতারোহণ ক্লাব ‘অভিযাত্রী’ আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, আগামী এক বছর বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদারের সরাসরি তত্ত্বাবধানে ট্রেকিং, পর্বতারোহণ, শারীরিক সক্ষমতা, নেতৃত্ব এবং দলগত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নেবেন তারমিম রহমান। মেন্টরশিপ সফলভাবে সম্পন্ন করলে নিশাত মজুমদারের সঙ্গে নেপাল হিমালয়ের একটি ট্রেকিং অভিযানে অংশ নেওয়ার সুযোগও পাবেন তিনি।
অনুষ্ঠানে নির্বাচন প্রক্রিয়ার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং দেশের পর্বতারোহী ও এন্ডিউরেন্স স্পোর্টস- সংশ্লিষ্ট ব্যক্তিরা নারীদের পর্বতারোহণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় জুয়েলারি ব্র্যান্ড ‘Amishee’ ও ‘অভিযাত্রী’-এর মধ্যে একটি অংশীদারত্ব চুক্তিও স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ভবিষ্যতে ‘ট্রেক উইথ নিশাত’ কর্মসূচিতে নারীদের ট্রেকিং ও পর্বতারোহণে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করা হবে।
বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদারের উদ্যোগে ২০২২ সালে ‘ট্রেক উইথ নিশাত’ কর্মসূচি শুরু হয়। ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণীদের ট্রেকিং ও পর্বতারোহণে আগ্রহী করে তোলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নতুন প্রজন্মের নারী অভিযাত্রী গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।