

রাজধানীতে প্রতিদিনই কোথাও না কোথাও কনসার্ট, প্রদর্শনী, ফুড ফেস্টিভ্যাল, পপ-আপ ইভেন্ট কিংবা নতুন কোনো অভিজ্ঞতার আয়োজন থাকে। তবে এত আয়োজনের ভিড়ে অনেকেরই প্রশ্ন থাকে ‘কোথায় যাবো?’ এই প্রশ্নের সহজ সমাধান দিতে নতুন ‘কোথায় যাবো’ ফিচার চালু করেছে পাঠাও।
পাঠাও জানিয়েছে, অ্যাপের ‘Spotlight’ সেকশনে এখন থেকে প্রতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কনসার্ট, প্রদর্শনী, খাদ্য উৎসব, ক্যাফে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য অভিজ্ঞতার একটি বাছাইকৃত তালিকা পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা শহরের চলমান ও আসন্ন আয়োজন সম্পর্কে সহজেই জানতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী পরিকল্পনা করতে পারবেন।
প্রতিষ্ঠানটির ভাষ্য, নতুন এই উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতি সপ্তাহেই ঢাকার নতুন নতুন কনসার্ট, প্রদর্শনী, খাবারের আয়োজন ও শহরের বিভিন্ন আকর্ষণীয় অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন। পছন্দের পরিকল্পনা ঠিক করার পর সেখানে যাতায়াতের জন্যও পাঠাওয়ের রাইড সেবা ব্যবহার করা যাবে।
রাজধানীর নাগরিকদের জন্য শহরের বিভিন্ন আয়োজন এক জায়গায় তুলে ধরাই ‘কোথায় যাবো’ ফিচারের মূল উদ্দেশ্য, যাতে কোনো আকর্ষণীয় ইভেন্ট বা অভিজ্ঞতা আর চোখ এড়িয়ে না যায়।