

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- ইউএনডি এর সাথে যৌথভাবে যুব উদ্যোক্তা নীতি-২০২৫ এর জন্য জাতীয় কর্মপরিকল্পনা তৈরির উদ্দেশ্যে একটি স্কোপিং ডকুমেন্ট স্বাক্ষর করেছে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউএনডির রেজিলিয়েন্ট অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ ক্লাস্টারের সহকারী আবাসিক প্রতিনিধি ও প্রধান সারদার এম আসাদুজ্জামান, এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। এছাড়াও অনুষ্ঠানে তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও যুব অনুবিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, প্ল্যান ইন্টারন্যাশনাল এর পক্ষে স্বাক্ষর করেন প্ল্যান ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ইউএনডিপি এর অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপেজেনটিভ সর্দার এম আসাদুজ্জামান।
এ সময় যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেন, “এ জাতীয় কর্মপরিকল্পনা যুব উদ্যোক্তা নীতি ২০২৫ বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর যুবদের অর্থনৈতিক উন্নয়নে অর্থবহভাবে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে এটি সহায়ক হবে।”
এ আয়োজনে বলা হয়, জাতীয় কর্মপরিকল্পনাটি নীতিগত অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য একটি সমন্বিত রোডম্যাপ হিসেবে কাজ করবে। এতে সরকারের, বেসরকারি খাতের এবং উন্নয়ন সহযোগীদের উদ্যোগ একীভূত হবে এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত যুবসমাজের অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব পাবে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, “এই প্রক্রিয়ার কেন্দ্রে যুবদের রাখার মাধ্যমে জাতীয় কর্মপরিকল্পনাটি উদ্ভাবন, সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার সম্ভাবনা তৈরি করবে, যা সারা দেশের কমিউনিটিগুলোতে ইতিবাচক পরিবর্তন আনবে।”
ইউএনডি-এর সহকারী আবাসিক প্রতিনিধি সারদার এম আসাদুজ্জামান বলেন, “অন্তর্ভুক্তিমূলক ও প্রমাণভিত্তিক একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ সরকারকে সহায়তা প্রদান করতে UNDP প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ যুব উদ্যোক্তা বিকাশে সমন্বয় জোরদার করবে এবং টেকসই অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।”
সংশ্লিষ্টরা মনে করেন, এটি একটি বিশেষ পদক্ষেপ, যা দেশের যুবসমাজের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের জন্য বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সৃষ্টি করবে।