

চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বনিম্ন।
এর আগে গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সেই রেকর্ড ভেঙে আরও কমে দাঁড়াল ৭ ডিগ্রিতে। তবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমলেও রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গগণমাধ্যমকে জানান, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। তবে চলতি মাসের ১০ বা ১১ তারিখের দিকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।
আজ রাজশাহীসহ দেশের মোট ১০টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।
আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি শৈত্যপ্রবাহ, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।