

প্রান্তিক আদি পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তায় সরকার চালু করেছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। ১০টি পেশার জন্য থাকছে ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ, যেখানে প্রশিক্ষণ ভাতা ১০ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে এককালীন ১৮ হাজার টাকা অনুদান দেওয়া হবে। সব মিলিয়ে একজন প্রশিক্ষণার্থী পাচ্ছেন ২৮ হাজার টাকা সহায়তা।
সরকারি এই প্রকল্পের দ্বিতীয় ধাপে দেশের ৫৭ জেলার ১৫০টি উপজেলা থেকে সরাসরি পেশার সঙ্গে যুক্ত ১২ হাজার যোগ্য ব্যক্তিকে বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে আধুনিক ও টেকসই পণ্য উৎপাদন, বহুমুখী ব্যবহার এবং বাজারজাতকরণে সক্ষমতা বাড়ানোই মূল লক্ষ্য।
এই প্রকল্পের আওতায় রয়েছে কামার, কুমার, নাপিত, বাঁশ-বেতপণ্য প্রস্তুতকারক, কাঁসা-পিতল শিল্পী, জুতা প্রস্তুতকারক ও মেরামতকারী, লোকজ শিল্পী, নকশিকাঁথা শিল্পী, শীতল পাটি ও শতরঞ্জি প্রস্তুতকারীরা।
ইতোমধ্যে প্রথম ধাপে ১০২টি উপজেলায় সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তবে দ্বিতীয় ধাপে অনেক উপজেলা বাদ পড়ায় স্থানীয় পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও দাবি। অনেক প্রান্তিক পেশাজীবী বলছেন, “আমরাও এই সহায়তার আওতায় আসতে চাই।”
সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি সফলভাবে এগোলে তৃতীয় ধাপে আরও অনেক উপজেলা অন্তর্ভুক্ত হতে পারে। আর সেটাই এখন প্রান্তিক জনগোষ্ঠীর বড় প্রত্যাশা।