

জলবায়ু ন্যায়বিচার নিয়ে কাজ করা তরুণদের দক্ষতা উন্নয়নে “লোকালি লেড অ্যাডাপশন (এলএলএ) ও লস অ্যান্ড ড্যামেজ” বিষয়ে একটি অনলাইন প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়েছে। আগামী ৮ই মে ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এই সেশনটি আয়োজন করছে গ্রীন মিলিউ, সহযোগিতায় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)।
আয়োজকদের মতে, প্রশিক্ষণটি হবে অংশগ্রহণমূলক ও অভিজ্ঞতাভিত্তিক, যেখানে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হবে। স্থানীয় জ্ঞান, কমিউনিটি নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের উদ্যোগ কীভাবে টেকসই ও কার্যকর জলবায়ু সমাধান গড়ে তুলতে পারে তা নিয়েই মূলত আলোচনা হবে।
এই উদ্যোগের লক্ষ্য তরুণদের সক্ষম করে তোলা, যাতে তারা নিজ নিজ কমিউনিটিতে জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশ এবং বাস্তবভিত্তিক সমাধান চিহ্নিত করার ওপর জোর দেওয়া হবে।
আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যা ভবিষ্যতে জলবায়ু সংক্রান্ত কাজ ও নীতিনির্ধারণে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে সহায়ক হবে।