

জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিংয়ে দক্ষ করে তুলতে দেশজুড়ে শুরু হয়েছে ‘আওয়ার অব এআই ইন বাংলাদেশ ২০২৬’ ক্যাম্পেইন। গত ২৬ এপ্রিল রবিবার থেকে শুরু হওয়া এই মাসব্যাপী কার্যক্রম চলবে আগামী ২৬ মে পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক আদেশে জানায়, মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এই উদ্যোগ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির উদ্যোগে বৈশ্বিক সংস্থা Code.org এর সহযোগিতা এবং অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) এর কারিগরি সহায়তায় এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
এই কার্যক্রমে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তাদের কোডিং ও প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা দেওয়ার মাধ্যমে ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ক্যাম্পেইন বাস্তবায়নে ‘আইসিটি ফর ই অ্যাম্বাসেডর’ ও আইসিটি শিক্ষকদের সম্পৃক্ত করা হবে। তারা নির্ধারিত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের ‘কিশোর বাতায়ন’ প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়া, কর্মসূচি সফল করতে আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।