

সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে ‘মেধাবিকাশ বৃত্তি’ কর্মসূচির আওতায় আবেদন আহ্বান করেছে ব্র্যাক। সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি চালু করা হয়েছে।
বৃত্তির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার টাকা এবং মাসিক ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন । কর্মসূচির লক্ষ্য হলো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং দক্ষ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা।
আবেদনের জন্য শিক্ষার্থীকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং পারিবারিক মাসিক আয় ২০ হাজার টাকার নিচে হতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
বৃত্তির জন্য আগ্রহীদের নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২রা মে ২০২৬। ভর্তি রশিদ ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।