

শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমাতে রাজধানীতে শুরু হয়েছে শিশুদের জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি। ইউনিসেফ এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহযোগিতায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (CIPRB) পরিচালিত Survival Swimming Skills – SwimSafe Project -এর আওতায় ঢাকা সিটি কর্পোরেশন এলাকার শিশুদের জন্য এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
গত ১৯ জুলাই মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চলমান এ কর্মসূচির প্রথম দিনেই ১৪০ জন ছেলে ও ১০৫ জন মেয়েসহ মোট ২৪৫ জন শিশু সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের নিরাপদ সাঁতার শেখানোর পাশাপাশি পানিতে দুর্ঘটনার সময় আত্মরক্ষার প্রয়োজনীয় কৌশল শেখানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য আবুল হাসেম, হারুন অর রশিদ এবং আতিকুর রহমান। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিশুদের অভিভাবক, সিআইপিআরবির ডেপুটি ম্যানেজার মোহাম্মদ সেলিম মিয়া এবং SwimSafe কর্মসূচির বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিশুদের সাঁতার ও জলনিরাপত্তা বিষয়ে দক্ষ করে তোলার মাধ্যমে পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন এ কর্মসূচি শিশুদের নিরাপদ সাঁতার শেখার সুযোগ বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের মধ্যেও জলনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।