

শিক্ষার্থী ও তরুণ চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ নিয়ে সরকারি বাঙলা কলেজে আয়োজন করা হচ্ছে ‘ক্যারিয়ার ও জব ফেয়ার ২০২৬’। স্কিল জবস ও বিবিএ অ্যালায়েন্স এর উদ্যোগে এ ক্যারিয়ার মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের জব ফেয়ারে রিক্রুটমেন্ট পার্টনার হিসেবে অংশ নেবে দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান প্রাণ–আরএফএল গ্রুপ। ফলে সরাসরি নিয়োগের সুযোগের পাশাপাশি চাকরি, ক্যারিয়ার পরিকল্পনা ও করপোরেট দুনিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
এই ক্যারিয়ার ও জব ফেয়ারটি মূলত ফ্রেশ গ্র্যাজুয়েট, রানিং শিক্ষার্থী এবং ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা খুঁজছেন এমন সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। মেলায় অংশগ্রহণকারীরা নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরামর্শ নিতে পারবেন।
আয়োজনের তারিখ নির্ধারণ করেছে আগামী ৭ জানুয়ারি ২০২৬ যা অনুষ্ঠিত হবে সরকারি বাঙলা কলেজ অডিটোরিয়ামে।
আয়োজকদের আশা, এই ক্যারিয়ার ও জব ফেয়ার শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক কর্মজীবনের প্রস্তুতি নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যোগ্য তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।