

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এ সুবিধা দেওয়া হবে। যেসব ছাত্রী ইতিমধ্যে উপবৃত্তি পাচ্ছে বা এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে হিসাব খুলতে হবে না। তবে যারা এখনো উপবৃত্তির আওতায় আসেনি, তাদের নিজের অথবা অভিভাবকের নামে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
সাধারণত শিক্ষার্থীর বাবা অথবা মা অভিভাবক হিসেবে বিবেচিত হবেন। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন এবং একই পরিচয়পত্র ব্যবহার করে হিসাব খুলতে হবে। সিম, এনআইডি ও হিসাবের তথ্যে মিল থাকা বাধ্যতামূলক।
বাবা-মা দুজনই জীবিত না থাকলে নির্ধারিত স্বজনদের মধ্যে কাউকে অভিভাবক করা যাবে। এমন স্বজন না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় কাউকে মনোনীত করতে পারবেন। এসব ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
উপবৃত্তির আওতায় আসতে আগ্রহী ছাত্রীরা প্রয়োজনীয় হিসাবের তথ্য প্রস্তুত রেখে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারবে।
উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইন সেবার জন্য ভিজিট করুন : https://www.eservice.pmeat.gov.bd