

বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য আরেকটি অর্জন এসেছে নেপালের কাঠমান্ডু থেকে। সেখানে অনুষ্ঠিত এক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে ‘এসডিজি চ্যাম্পিয়ন প্রাইজ ২০২৫’ অর্জন করেছেন বাংলাদেশের ২১ বছর বয়সী সামাজিক উদ্যোক্তা মো. আসাদুজ্জামান আপেল। গত সপ্তাহে ২০২৫ তারিখে তাকে এই সম্মানে ভূষিত করা হয়।
গাইবান্ধা জেলার এই তরুণ উদ্যোক্তা তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘ইনরোল-মেন্টর পাবলিক লিমিটেড’–এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে আসছেন। তার উদ্ভাবিত মেগা উদ্যোগ “AI & Robotics for Human Rights and Self-Reliant Bangladesh” প্রকল্পের জন্যই আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়েছেন তিনি।
প্রকল্পটির মূল লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স ব্যবহার করে মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি হ্রাস এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা। এই উদ্যোগের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে ১৬টি বাস্তবায়নের সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
আসাদুজ্জামান আপেলের গবেষণার অন্যতম বৈশিষ্ট্য হলো তার উদ্ভাবিত ‘টেন জিরোস ডকট্রিন’, যেখানে শূন্য দুর্নীতি, শূন্য বেকারত্ব, শূন্য অপচয় ও শূন্য পরনির্ভরতার মতো লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরোস’ ভিশনের সঙ্গেও তার প্রকল্পের সামঞ্জস্য রয়েছে
ভারতের আরআইএমটি ইউনিভার্সিটিতে বিএ-এলএলবি অধ্যয়নরত এই তরুণ নিজস্ব সঞ্চিত অর্থ ব্যয় করে গবেষণা পরিচালনা করেছেন এবং একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জন করেছেন।
বিশ্লেষকদের মতে, এই পুরস্কার প্রাপ্তি শুধু একজন তরুণের ব্যক্তিগত সাফল্য নয় বরং বাংলাদেশের তরুণ সমাজের জন্য এক বড় অনুপ্রেরণা। তার উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি প্রযুক্তিনির্ভর, দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বিশ্বে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে পারে।