

নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষায়িত ব্যাংকিং সেবা দিচ্ছে সিটি ব্যাংকের ‘সিটি আলো’। এই সেবার আওতায় নারী উদ্যোক্তারা স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা পাচ্ছেন।
সিটি আলোর অধীনে নারী উদ্যোক্তারা পুনঃ অর্থায়ন সুবিধায় সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ছাড়া জামানতবিহীন দেড় কোটি টাকা এবং জামানতসহ সর্বোচ্চ সাড়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা রয়েছে। পুনঃ অর্থায়ন ঋণে সুদহার নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করলে গ্রাহক ১ শতাংশ ক্যাশব্যাক সুবিধাও পাবেন।
ঋণ পেতে হলে নারী উদ্যোক্তার ব্যবসার বয়স ন্যূনতম এক বছর হতে হবে এবং বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে। জামানতসহ ঋণের ক্ষেত্রে নিবন্ধিত সম্পত্তির মর্টগেজ বাধ্যতামূলক। এ সেবায় নারীরা নিজেদের ব্যবসাকে আরো উন্নিত করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আবার নারী উদ্যোক্তাদের জন্য সিটি আলোর আওতাধীন চালু করা হয়েছে ‘আলো এন্ট্রাপ্রেনিউর ফাইন্যান্স’। এই সেবার আওতায় কুটির ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। প্রতিষ্ঠিত ছোট ব্যবসার ক্ষেত্রে জামানতবিহীন সর্বোচ্চ দেড় কোটি টাকা এবং জামানতসহ সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত ঋণের সুযোগ রয়েছে। কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৩ বছর এবং প্রতিষ্ঠিত ব্যবসার জন্য ৫ বছর।
এদিক সিটি আলোর আওতায় নারীরা হোম লোন, পারসোনাল লোন ও অটো লোন সুবিধা নিতে পারবেন।
হোম লোনে ৫ লাখ থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে যার মেয়াদ সর্বোচ্চ ২৫ বছর। পারসোনাল লোনে ২ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে, পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৫ বছর এবং অটো লোনে ৩ লাখ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়া যাবে, মেয়াদ সর্বোচ্চ ৬ বছর।
জানা যায়, রাজধানীর গুলশানে সিটি আলোর আলাদা শাখা রয়েছে। এই সেবার আওতায় নারীদের জন্য ছয় ধরনের ব্যাংক হিসাব চালু রয়েছে। এর পাশাপাশি শরিয়াহভিত্তিক হিসাব খোলার সুবিধাও আছে। হিসাবধারীরা ডুয়াল কারেন্সি ভিসা কার্ড ও আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া, দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা কোর্সে ৭০ শতাংশ পর্যন্ত স্কলারশিপে পড়ার সুযোগ রয়েছে।
সিটি ব্যাংকের কর্মকর্তা জানান, সিটি আলোর মাধ্যমে বর্তমানে সাত লাখের বেশি নারী গ্রাহক ব্যাংকিং সেবা পাচ্ছেন। নারীদের আর্থিক স্বাধীনতা ও আত্মবিশ্বাস বাড়াতে এই বিশেষায়িত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করা হয়।