

হাওর অঞ্চলের তরুণদের নেতৃত্বে জলবায়ু সংকট মোকাবিলায় উদ্যোগ নিতে ইয়ুথ পার্টনার আহ্বান জানিয়েছে সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্ট রিসার্চ, ব্রাক ইউনিভার্সিটি।
‘নবপল্লব (NABAPALLAB)’ প্রকল্পের আওতায় আয়োজিতব্য হাওর হ্যাকথন সফলভাবে বাস্তবায়নে সহ-আয়োজক হিসেবে কাজ করার জন্য হাওর অঞ্চলের যুবনেতৃত্বাধীন সংগঠনগুলোর কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৬।
এই হ্যাকাথনের লক্ষ্য হলো উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন, সমস্যা সমাধান ও স্থানীয় উদ্যোগের মাধ্যমে হাওর অঞ্চলের জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত ও টেকসই সমাধান উদ্ভাবন করা। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার হাওরভিত্তিক জনগোষ্ঠী বারবার বন্যা, অনিয়মিত বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের কারণে জীবিকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাছ ধরা, ফসল চাষ, পশুপালন, ক্ষুদ্র ব্যবসাসহ ঐতিহ্যবাহী জীবিকা এসব পরিবর্তনে বাধাগ্রস্ত হচ্ছে।
আয়োজকদের মতে, হাওর অঞ্চলের মানুষের রয়েছে সমৃদ্ধ স্থানীয় জ্ঞান ও প্রজন্মান্তরে গড়ে ওঠা অভিযোজন কৌশল। তবে বর্তমান জলবায়ু বাস্তবতায় এসবের সঙ্গে উদ্ভাবনী ও প্রকৃতিনির্ভর সমাধান যুক্ত করা জরুরি। সে লক্ষ্যেই হাওর হ্যাকাথনে স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে বাস্তবসম্মত ধারণা উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগ সফল করতে স্থানীয় যুবসংগঠনের সঙ্গে অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আয়োজকেরা।
ইয়ুথ পার্টনার হিসেবে নির্বাচিত সংগঠনগুলো সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্ট রিসার্চ
এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সুযোগ পাবে এবং হাওরভিত্তিক জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নে সরাসরি অবদান রাখতে পারবে। পাশাপাশি যুব নেতৃত্ব ও কমিউনিটি এনগেজমেন্টে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।
এই আহ্বানে আবেদন করতে পারবে হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারে অবস্থিত যুবনেতৃত্বাধীন সংগঠন, যুবনেতৃত্বাধীন এনজিও, বিশ্ববিদ্যালয় ক্লাব, শিক্ষার্থী সংগঠন, কমিউনিটি ভিত্তিক সংগঠন এবং অনানুষ্ঠানিক যুব নেটওয়ার্ক যাদের জলবায়ু ও পরিবেশ বিষয়ে পূর্ব অভিজ্ঞতা রয়েছে।
উল্লেখ্য, হাওর হ্যাকাথনটি নবপল্লব প্রকল্পের আওতায় আয়োজন করা হচ্ছে, যা ইউকে গভার্নমেন্ট এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
আগ্রহী সংগঠনগুলো নির্ধারিত ফরমের মাধ্যমে ১৫ জানুয়ারি ২০২৬ এর মধ্যে আবেদন করতে পারবে। জরুরি প্রয়োজনে +৮৮০১৮৩৩১৩৭৪৯৭ নম্বরে যোগাযোগ অথবা istiak.rouf@bracu.ac.bd।