/
/
চাঁদে বসতি গড়তে শিক্ষার্থীদের ১০ লাখ ডলার দেবে নাসা
চাঁদে বসতি গড়তে শিক্ষার্থীদের ১০ লাখ ডলার দেবে নাসা
Byadminsr
Published
২:২০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Moon Base Under Earthlight

চাঁদে স্থায়ী মানব বসতি নির্মাণের পরিকল্পনাকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য ১০ লাখ ডলারের প্রতিযোগিতা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘মুন বেস স্টুডেন্ট চ্যালেঞ্জ’ নামের এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয় গত ৮ নভেম্বর (রোববার) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার ভিজিটর কমপ্লেক্সে আয়োজিত ‘ম্যাক্স পাওয়ার’ অনুষ্ঠানে। নাসার ‘গোল্ডেন এজ অব সায়েন্স’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতাটির লক্ষ্য, চাঁদে ভবিষ্যৎ মানব বসতি স্থাপনের বিভিন্ন সমস্যা সমাধানে তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী ধারণা কাজে লাগানো। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, নাসার প্রকল্পে অবদান রাখতে শিক্ষার্থীদের স্নাতক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তাদের কৌতূহল, দলগত কাজ ও নতুন চিন্তাভাবনা ভবিষ্যতের মহাকাশ অভিযানকে এগিয়ে নিতে পারে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ছয়টি বিষয়ে নতুন ধারণা ও সমাধান তৈরি করতে হবে। বিভাগগুলো হলো বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ, চন্দ্রপৃষ্ঠে অবকাঠামো নির্মাণ, জীবনধারণ সহায়ক ব্যবস্থা, চলাচলের যান ও প্রযুক্তি, যোগাযোগ নেটওয়ার্ক এবং নভোচারীদের নিরাপত্তা। নাসা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে একটি স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে, যেখানে নভোচারীরা বসবাস, গবেষণা ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এর মাধ্যমে চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি মঙ্গলগ্রহে ভবিষ্যৎ মানব অভিযানের প্রস্তুতিও এগিয়ে নেওয়া সম্ভব হবে। নাসার মুন বেস কর্মসূচির ব্যবস্থাপক কার্লোস গার্সিয়া-গ্যালান বলেন, চন্দ্রঘাঁটিতে নভোচারীদের সম্ভাব্য সব প্রয়োজন বিবেচনায় নিতে চায় সংস্থাটি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নতুন ধারণা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিযোগিতায় অংশ নিতে বিশেষায়িত প্রকৌশল বা প্রযুক্তিগত অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। কারিগরি, বৃত্তিমূলকসহ বিভিন্ন শিক্ষাধারার শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে প্রকল্পভিত্তিক গবেষণা, নকশা প্রস্তাবনা ও উপস্থাপনা তৈরি করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সামনে নিজেদের ধারণা তুলে ধরার সুযোগ পাবেন তাঁরা। আগ্রহীদের নাসার ‘এসটিইএম গেটওয়ে’ (STEM Gateway) প্ল্যাটফর্মের মাধ্যমে ২০২৭ সালের ২৫ জানুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে। নাসার ‘এসটিইএম’ এনগেজমেন্ট কার্যালয় ও মুন বেস প্রোগ্রামের যৌথ উদ্যোগে তৈরি প্রতিযোগিতাটি নাসার সেন্টার অব এক্সিলেন্স ফর কোলাবোরেটিভ ইনোভেশনের সঙ্গে চুক্তির আওতায় পরিচালনা করবে ইনস্টিটিউট অব কম্পিটিশন সায়েন্সেস।

বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে: https://moonbasechallenge.org/