

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উদ্ভাবনী ও সাশ্রয়ী সমাধান তৈরির উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ব্র্যাকের ‘Frugal Innovation Challenge’। এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জলবায়ু অভিযোজনবিষয়ক উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত করতে চায় আয়োজক প্রতিষ্ঠানটি।
এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর সঙ্গে অনলাইন তথ্যবিষয়ক সেশন আয়োজনের পরিকল্পনা করেছে চ্যালেঞ্জটির আয়োজক দল। এসব সেশনে শিক্ষার্থীদের Frugal Innovation Challenge-এর উদ্দেশ্য, কার্যক্রম, অংশগ্রহণের প্রক্রিয়া এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধারণা তৈরির সুযোগ সম্পর্কে জানানো হবে। পাশাপাশি শিক্ষার্থীরা কীভাবে নিজেদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে কম খরচে কার্যকর ও বাস্তবসম্মত সমাধান তৈরি করতে পারেন, সে বিষয়েও ধারণা পাবেন।
চ্যালেঞ্জটির মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা চিহ্নিত করে স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী সাশ্রয়ী ও কার্যকর সমাধান খুঁজে বের করা। কৃষি ও জীবিকা, আর্থিক সুরক্ষা, স্বাস্থ্য ও সহনশীলতা, নগরজীবন ও কর্মসংস্থান এবং পানি সম্পদ ব্যবস্থাপনাকে এ উদ্যোগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সরাসরি উপস্থিত হওয়া সম্ভব না হলেও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হতে আগ্রহী তারা। এ কারণে বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সহযোগিতায় অনলাইন সেশন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিজেদের ক্যাম্পাসে এ আয়োজন করতে আগ্রহী ক্লাবগুলোকে আয়োজকদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগ:
ইমেইল: frugalinnovation@brac.net
ফোন: ০১৩৩২-৫৫০৪৬১
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://innovation.brac.net/fif/innovationchallenge/