

ডিজিটাল বিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং ডিজিটাল নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি করতে পটুয়াখালীতে চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী ফ্রেন্ডস কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৪ দিনের এই কর্মশালায় পটুয়াখালী ও বরগুনা জেলার বাছাইকৃত ৫০ জন তরুণ-তরুণী অংশ নেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তরুণরাই আজকের ও আগামীর চালিকাশক্তি। ডিজিটাল বিপ্লবের সুবিধা যথাযথভাবে কাজে লাগাতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বুলিং ও হয়রানির ঘটনা এ অঞ্চলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম নিরাপদ রাখতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা আগামী দিনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা, গুজব প্রতিরোধ এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী তরুণরা নিজ নিজ এলাকায় ‘ডিজিটাল পিস অ্যাম্বাসেডর’ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিরাপদ ডিজিটাল সমাজ গঠনে নেতৃত্ব দেবেন বলে আয়োজকরা জানান।
সময়োপযোগী এ উদ্যোগ বাস্তবায়ন করছে ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশন অর্থায়ন ও কৌশলগত অংশীদার হিসেবে সহযোগিতা করছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা সিভিকাস , অ্যাকাউন্ট্যাবিলিটি ল্যাব এবং ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভ (ডিডিআই)