

নারীদের পর্বতারোহণ ও ট্রেকিংয়ে অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে অ্যাডভেঞ্চারভিত্তিক সংগঠন ‘অভিযাত্রী’। এরই ধারাবাহিকতায় আবারও আয়োজন করা হচ্ছে “ট্রেক উইথ নিশাত ২০২৬”। এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন ১৮ থেকে ২৫ বছর বয়সী উদ্যমী বাংলাদেশি তরুণীরা।
আয়োজকরা জানান, পাহাড় ও প্রকৃতির সঙ্গে নতুন প্রজন্মের নারীদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশের প্রেক্ষাপটে পর্বতারোহণ এখনও ব্যয়বহুল ও চ্যালেঞ্জপূর্ণ হওয়ায় অনেক তরুণী এ খাতে পিছিয়ে পড়ছেন। সেই ব্যবধান কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন ধাপে যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে নির্বাচন করা হবে। কারণ পাহাড় বা পর্বতে অভিযানে অংশ নিতে শারীরিক ও মানসিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা।
নির্বাচন প্রক্রিয়ার প্রথম ধাপে আগ্রহীদের গুগল ফর্ম পূরণ এবং অভিযাত্রী ফেসবুক গ্রুপে একটি ভিডিও আপলোড করতে হবে। ভিডিওতে ট্রেকিং বা পর্বতারোহণে আগ্রহ এবং অভিযানে অংশগ্রহণের উপযোগিতা নিয়ে নিজের ভাবনা তুলে ধরতে হবে।
এরপর পর্যায়ক্রমে মুখোমুখি সাক্ষাৎকার, তিন মাসব্যাপী শারীরিক সক্ষমতা তৈরির প্রশিক্ষণ, শারীরিক ও মানসিক সক্ষমতা পরীক্ষা, প্যানেল ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
সব ধাপ সফলভাবে সম্পন্নকারীরা এক বছরের মেন্টরশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হবেন। মেন্টরশিপ সফলভাবে শেষ করতে পারলে অংশগ্রহণকারীরা বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের সঙ্গে হিমালয়ের একটি ট্রেইলে ট্রেক করার সুযোগ পাবেন।
আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।
🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/8Gv1kAhg7mapkFUn8