

কমিউনিটির সমস্যা সমাধানে তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে ‘ইয়ুথ ইমপ্যাক্ট বুটক্যাম্প ২০২৬’ আয়োজন করছে বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশন (বিওয়াইসি)। এ কর্মসূচিতে বিওয়াইসির সদস্য সংগঠনগুলোর মধ্যে ২০টি সংগঠন তিন দিনব্যাপী বুটক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে বিশেষজ্ঞদের পরামর্শ ও মেন্টরশিপের পাশাপাশি নিজেদের প্রকল্প পরিকল্পনা উপস্থাপনের সুযোগ থাকবে। নির্বাচিত ১০টি বিজয়ী সংগঠন তাদের উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রত্যেকে ৫০ হাজার টাকা করে প্রাথমিক তহবিল পাবে।
এ কর্মসূচিতে শুধু বিওয়াইসির সদস্য সংগঠনগুলো আবেদন করতে পারবে। প্রকল্পের ধারণা হতে হবে উদ্ভাবনী, কমিউনিটিকেন্দ্রিক এবং স্থানীয় সমস্যার সমাধানমুখী। প্রস্তাবিত উদ্যোগের বিষয়বস্তু হতে হবে ছয়টি ক্ষেত্রের যেকোনো একটির সঙ্গে সংশ্লিষ্ট: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের স্থায়িত্ব; যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার; লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি, বৈচিত্র্য ও বাল্যবিয়ে; শান্তি, ন্যায়বিচার, শক্তিশালী প্রতিষ্ঠান, নীতিগত প্রচার ও সম্পৃক্ততা; শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবন; এবং তরুণদের নেতৃত্ব ও ক্ষমতায়ন, সহযোগিতা ও নেটওয়ার্কিং। আগ্রহী সংগঠনগুলোকে এখন থেকেই কমিউনিটির সমস্যা, যাদের জন্য কাজ করতে চায় এবং সম্ভাব্য সমাধান ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ধারণা তৈরি করার আহ্বান জানানো হয়েছে।
বিওয়াইসির সচিবালয় ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় ‘বিওয়াইসি রাইজ: রাইটস, ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ইকুয়ালিটি থ্রু ইয়ুথ অ্যাকশন’ প্রকল্পের আওতায় এ বুটক্যাম্প আয়োজন করা হচ্ছে। এর অর্থায়ন করছে ডাচ ফাউন্ডেশন। কর্মসূচির আবেদন শুরুর তারিখ ও আবেদন জমা দেওয়ার বিস্তারিত প্রক্রিয়া শিগগিরই জানানো হবে। এর আগে সদস্য সংগঠনগুলোকে নিজেদের কমিউনিটির চ্যালেঞ্জ চিহ্নিত করে বাস্তবসম্মত ও উদ্ভাবনী প্রকল্পের ধারণা প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়েছে।