

বাংলা একাডেমির এক বছর মেয়াদি গবেষণা-বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গবেষণার জন্য নির্বাচিত ১০ জন গবেষককে মাসে ৩০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। আগ্রহী গবেষকদের আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।
গবেষণার জন্য বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা
বাংলা একাডেমির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি গবেষক মাসিক ৩০ হাজার টাকা হিসাবে এক বছরে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা পাবেন। গবেষণাকালে প্রত্যেক গবেষকের জন্য একজন গবেষণা-তত্ত্বাবধায়ক থাকবেন। এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত গবেষকদের গবেষণাকালে স্বীকৃত জার্নালে অন্তত একটি গবেষণা-প্রবন্ধ প্রকাশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীর যোগ্যতা, বয়স, জেন্ডার ও গবেষণার বিষয় উন্মুক্ত রাখা হয়েছে। তবে বাংলা একাডেমির এক বছর মেয়াদি গবেষণা-বৃত্তির আওতায় ইতিমধ্যে গবেষণা সম্পন্ন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। একইভাবে, বাংলা একাডেমির সঙ্গে চুক্তিভিত্তিক গবেষণা সম্পন্ন করতে পারেননি, এমন ব্যক্তিরাও আবেদনের যোগ্য হবেন না। আগে প্রকাশিত প্রবন্ধ ও গবেষণাকর্ম রয়েছে, এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত গবেষণা- প্রস্তাবকদের একটি কর্মশালায় অংশ নিতে হবে।
গবেষণা- প্রস্তাবে যা যা থাকতে হবে
আবেদনকারীকে বাংলা ভাষায় ২ হাজার ৫০০ থেকে ৫ হাজার শব্দের মধ্যে গবেষণা-প্রস্তাব তৈরি করতে হবে। প্রস্তাবে থাকতে হবে-
– গবেষণার শিরোনাম ও ভূমিকা
– সমস্যার বিবরণ ও গবেষণার উদ্দেশ্য
– অনুমিত সিদ্ধান্ত বা গবেষণা প্রশ্ন
– ধারণাগত কাঠামো ও সাহিত্য পর্যালোচনা
– গবেষণার যৌক্তিকতা ও ক্ষেত্র
– গবেষণা-পদ্ধতি
– প্রত্যাশিত ফলাফল
– সম্ভাব্য অধ্যায় কাঠামো
– গবেষণার মৌলিকত্বের ব্যাখ্যা
– গ্রন্থপঞ্জি ও তথ্যসূত্র
প্রস্তাবে ব্যবহৃত ধারণাগুলোর স্পষ্ট সীমারেখা উল্লেখ করতে হবে। পাশাপাশি গবেষণার ধরন, নমুনা নির্বাচন, তথ্য সংগ্রহের উৎস এবং তথ্য বিশ্লেষণের পদ্ধতিও বিস্তারিতভাবে তুলে ধরতে হবে।
যেভাবে আবেদন করবেন
বাংলা একাডেমির ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করতে হবে। আগে প্রকাশিত প্রবন্ধ ও গবেষণাকর্মের মূল অথবা সত্যায়িত কপি জমা দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পত্রিকার নাম ও প্রকাশের তারিখ উল্লেখ করা প্রয়োজন।
আবেদনপত্র ইমেইল, ডাক, কুরিয়ার অথবা সরাসরি জমা দেওয়া যাবে। আবেদনপত্রে আবেদনকারীর নাম, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে। এসব তথ্য অনুপস্থিত থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।
আবেদনের ঠিকানা: উপপরিচালক, গবেষণা উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা-১০০০।
ইমেইল: baresearchgrant@gmail.com
গবেষণায় আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন করার আগে বাংলা একাডেমির মূল বিজ্ঞপ্তি ও নির্ধারিত আবেদনপত্র দেখে সব শর্ত যাচাই করে নেওয়া উচিত।