

দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের প্রচার, প্রসার এবং বরেণ্য কারুশিল্পীদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দিতে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ প্রদানের উদ্যোগ নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আগামী ২৯ ডিসেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ৫টি ভিন্ন ক্যাটাগরিতে দেশের মোট ১২ জন প্রকৃত কারুশিল্পীকে এই সম্মাননা প্রদান করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশের স্বকীয় ঐতিহ্যমণ্ডিত ও মৌলিক কারুপণ্য প্রস্তুতকারী শিল্পীদের নিকট থেকে নির্ধারিত ফরম পূরণপূর্বক কারুপণ্য আহ্বান করেছে বিসিকের নকশা কেন্দ্র।
মোট পাঁচটি শ্রেণিতে বিভক্ত এই পুরস্কারের মধ্যে ‘শ্রেষ্ঠ কারুশিল্পী’ ক্যাটাগরিতে একজনকে ‘কারুরত্ন’ পদকসহ এককালীন ১ লাখ টাকার চেক বা প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। এছাড়া ‘দক্ষ কারুশিল্পী’ শ্রেণিতে পাঁচজনকে ‘কারুগৌরব’, ‘ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী দক্ষ কারুশিল্পী’ শ্রেণিতে দুজনকে ‘কারুকিরণ’, ‘দক্ষ নারী কারশিল্পী’ শ্রেণিতে দুজনকে ‘কারুজ্যোতি’ এবং ‘তরুণ দক্ষ কারশিল্পী’ শ্রেণিতে দুজনকে ‘কারুপ্রতিভা’ পদক দেওয়া হবে, যেখানে প্রত্যেকে এককালীন ৫০ হাজার টাকার চেক বা প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র পাবেন। পদকের ক্ষেত্র হিসেবে জামদানি ও টাঙ্গাইল শাড়ি, মৃৎশিল্প, বস্ত্রছাপা, খদ্দর, পাতা ও ছোবরা শিল্প, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর কারুশিল্প, শঙ্খ ও ঝিনুক শিল্প, বাঁশ-বেত শিল্প, প্রাকৃতিক উপাদানে ভিন্ন মাত্রার কারুপণ্য, পুতুল শিল্প (কাপড় ও সমমিশ্রণ), কাঠজাত বা দারুশিল্প, চামড়াজাত শিল্প, গহনা (স্বর্ণ ও রূপা এবং ধাতু, অধাতু ও মিশ্র), শীতলপাটি, কাগজশিল্প, শতরঞ্জি, তাঁত শিল্প, পাটজাত শিল্প, নকশী কাঁথা, সূচী শিল্প এবং ধাতব শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগ্রহী কারুশিল্পীদের আগামী ২৬ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে বিসিকের যেকোনো জেলা কার্যালয় অথবা প্রধান নকশাবিদ, নকশা কেন্দ্র, ১০৭-১০৮, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ ঠিকানায় কারুপণ্য পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ও ফরম বিসিকের অফিশিয়াল ওয়েবসাইটে (www.bscic.gov.bd) পাওয়া যাবে। এছাড়া যেকোনো প্রয়োজনে নকশা কেন্দ্রের প্রধান নকশাবিদের দপ্তরে ০২-২২৩৩৮৩১১২ এবং ০১৬৮২-১৭২৫৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে।