

দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ) ২৫তম আসরকে সামনে রেখে স্বেচ্ছাসেবক নিয়োগ দিচ্ছে উৎসব কমিটি। আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবে কাজের জন্য আগ্রহী ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। চলচ্চিত্রপ্রেমী, নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে আগ্রহী এবং দলগতভাবে কাজ করতে পছন্দ করেন- এমন ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
স্বেচ্ছাসেবকদের প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে রিপোর্ট করতে হবে। উৎসবের বিভিন্ন ভেন্যুতে দায়িত্ব পালন করতে হবে এবং দিনের অনুষ্ঠানসূচি অনুযায়ী ছুটির সময় পরিবর্তিত হতে পারে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আয়োজকদের নির্দেশনা অনুসরণ, সময়ানুবর্তিতা এবং পেশাদার, সম্মানজনক ও সৌজন্যপূর্ণ আচরণ বজায় রাখা বাধ্যতামূলক। কোনো কারণে উপস্থিত হতে না পারলে কিংবা সময়সূচি পরিবর্তনের প্রয়োজন হলে আগেই স্বেচ্ছাসেবক সমন্বয়কারীকে জানাতে হবে। পাশাপাশি নিজ নিজ ব্যক্তিগত জিনিসপত্রের দায়িত্বও স্বেচ্ছাসেবকদের নিজেদের নিতে হবে। এ অভিজ্ঞতার মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক দলের সঙ্গে কাজ, দেশি-বিদেশি চলচ্চিত্র নির্মাতা, অতিথি, চলচ্চিত্র পেশাজীবী ও চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে পরিচিত হওয়া এবং উৎসব পরিচালনা ও ইভেন্ট ব্যবস্থাপনায় হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।
প্রতিদিন দায়িত্ব পালনের জন্য স্বেচ্ছাসেবকদের ৩৫০ টাকা সম্মানী দেওয়া হবে। সম্মানী পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য কমপক্ষে তিন দিন দায়িত্ব পালন করতে হবে এবং অন্তত পাঁচ দিন দায়িত্ব পালনকারীরা চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক স্বেচ্ছাসেবক সনদ পাওয়ার যোগ্য হবেন। উৎসব শেষ হওয়ার পর ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে মোট সম্মানী প্রদান করা হবে। তবে আয়োজক কমিটি থেকে খাবার, নাশতা বা পানীয় সরবরাহ করা হবে না; তাই দায়িত্ব পালনের সময় স্বেচ্ছাসেবকদের নিজেদের খাবার ও প্রয়োজনীয় পানীয় সঙ্গে আনতে হবে। উৎসবের নির্ধারিত শর্ত, নির্দেশনা ও আচরণবিধি না মানলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব বাতিল এবং প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগ্রহীরা ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনের লিংকঃ dhakafilmfestival.org/apply-for-25th-diff-volunteer/