

হোটেল ও পর্যটন খাতে কাজ করতে আগ্রহী, কিন্তু প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ খুঁজছেন? তাঁদের জন্য রয়েছে সরকারি অর্থায়নে চার মাসের প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষণ শেষে সনদপত্রের পাশাপাশি কর্মসংস্থানে সহায়তাও দেওয়া হবে। এ প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
অর্থ মন্ত্রণালয়ের অধীন Skills for Industry Competitiveness and Innovation Program এর আওতায় এবং Tourism & Hospitality Industry Skills Council-এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। হোটেল ও পর্যটন খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হবে।
দুটি কোর্সে প্রশিক্ষণের সুযোগ
প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে জিনজিয়ান হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট । প্রতিষ্ঠানটিতে দুটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স দুটি হলো:
১. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস
২. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন
প্রশিক্ষণের মেয়াদ চার মাস বা ৫০০ ঘণ্টা। এর মধ্যে ইনস্টিটিউটে দুই মাসের প্রশিক্ষণ এবং শিল্পপ্রতিষ্ঠানে দুই মাসের কর্মকালীন প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী ২০ ডিসেম্বর ২০২৬ থেকে।
ইনস্টিটিউটে সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন পাঁচ ঘণ্টা করে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শিল্পপ্রতিষ্ঠানে কর্মকালীন প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।
কারা আবেদন করতে পারবেন?
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
এ প্রশিক্ষণে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণার্থীদের জন্য যেসব সুবিধা থাকছে
প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হবে এবং কর্মসংস্থানে সহায়তা করা হবে। এ ছাড়া প্রশিক্ষণে ন্যূনতম ৮০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে নিচের কাগজপত্র জমা দিতে হবে :
– দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
– এসএসসি পাসের সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
– জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি।
একজন আবেদনকারী কেবল একটি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া SEIP/SICIP কর্মসূচির আওতায় আগে কোনো কোর্সে অংশগ্রহণ করে থাকলে তাঁর আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬। প্রশিক্ষণার্থী বাছাইয়ের পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও ফলাফল সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে জানানো হবে।
প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান: জিনজিয়ান হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট
যোগাযোগের নম্বর:
০১৩০৩-৫০৫২৪২
০১৩০৩-৫০৫২৪৭
হোটেল ও পর্যটন খাতে দক্ষতা অর্জন এবং কর্মজীবনের নতুন সুযোগ তৈরিতে আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।