

এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলের স্বীকৃতি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬ সালের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রমের ভিত্তিতে প্রথম পর্যায়ে ১ হাজার ৫০০ জনকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে নির্বাচন করা হবে। পাশাপাশি মেধাতালিকার ১০০তম অবস্থানে সমান নম্বর পাওয়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সরকারি ক্রয়বিধি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হতে পারে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। ভবিষ্যতে এ কর্মসূচির পরিধি বাড়ানোর পাশাপাশি এইচএসসি পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্যও একই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
যেভাবে নির্বাচন করা হবে শিক্ষার্থীদের
শুধু জিপিএ-৫ অর্জন করলেই ল্যাপটপ পাওয়া যাবে না। শিক্ষার্থীদের পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত কাঠামো অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য ৫০ শতাংশ, মানবিক বিভাগের জন্য ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে শিক্ষার্থী ও বিভাগভিত্তিক অনুপাত বিবেচনায় ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন শিক্ষার্থীর তালিকা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রযুক্তিনির্ভর শিক্ষায় উৎসাহ দেওয়ার উদ্যোগ
শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আগ্রহী করে তোলাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্ট স্কিমের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম জানিয়েছেন, শিক্ষা বোর্ডগুলোর তথ্যভাণ্ডার যাচাই করে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত কনফিগারেশনের ল্যাপটপ কেনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
প্রথম পর্যায়ে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৬ থেকে ১৭ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে সহায়ক হতে পারে।