

বিশ্বব্যাংক স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য আবারও ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এই ইন্টার্নশিপ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি অথবা বিশ্বব্যাংকের বিভিন্ন কান্ট্রি অফিসে অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীরা ১৯ জানুয়ারি ২০২৬ থেকে আবেদন করতে পারছেন।
এই ইন্টার্নশিপকে শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা সুযোগ হিসেবে ধরা হয়। এর মাধ্যমে ইন্টার্নরা ফাইন্যান্স, উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিশ্বের অন্যতম শীর্ষ সংস্থা ও ব্যাংকের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। শুধু বিদ্যমান আর্থিক বাজারে কাজ নয় বরং নতুন বাজার তৈরিতেও অবদান রাখার সুযোগ থাকবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক জানিয়েছে, তারা বৈচিত্র্যকে গুরুত্ব দেয় এবং বিভিন্ন পেশাগত ও একাডেমিক পটভূমির যোগ্য প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করছে। বিশ্বসেরা প্রতিভাকে আকর্ষণ করাই এই প্রোগ্রামের অন্যতম লক্ষ্য।
যোগ্যতা ও ট্র্যাক
এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি বিশেষভাবে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে।
• আন্ডারগ্র্যাজুয়েট ট্র্যাক: ফাইনাল ইয়ারের স্নাতক শিক্ষার্থী হতে হবে।
• পোস্টগ্র্যাজুয়েট ট্র্যাক: মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।
• উভয় ট্র্যাকেই ০ থেকে ৬ বছরের পেশাগত অভিজ্ঞতা গ্রহণযোগ্য।
• শক্তিশালী কম্পিউটিং ও অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা থাকলে আবেদন আরও শক্তিশালী হবে।
ইন্টার্নশিপ তথ্য সেশন
ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে আগ্রহীদের আরও জানার সুযোগ করে দিতে বিশ্বব্যাংক আয়োজন করছে তথ্য সেশন। এসব সেশনে আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। ২৭ জানুয়ারি ২০২৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬
এই দুই সেশনের মাধ্যমে প্রার্থীরা প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহীরা বিশ্বব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। আবেদনের জন্য প্রয়োজন হবে-
• বায়োডাটা (সিভি)
• কেন তুমি আগ্রহী, সে বিষয়ে বিবরণপত্র
• শিক্ষা ট্রান্সক্রিপ্টের প্রমাণ
-আন্ডারগ্র্যাজুয়েট ট্র্যাকের জন্য ট্রান্সক্রিপ্টে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে তুমি চূড়ান্ত বর্ষের স্নাতক শিক্ষার্থী
-পোস্টগ্র্যাজুয়েট ট্র্যাকের জন্য ট্রান্সক্রিপ্টে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে তুমি মাস্টার্স বা পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থী
অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। আবেদন জমা দেওয়ার পর আর কোনো পরিবর্তন বা আপডেট করা যাবে না। আবেদন পাঠানোর পরে আবেদন নম্বরসহ বিশ্বব্যাংকের কাছ থেকে একটি নিশ্চিতকরণ ই-মেইল পাবে আবেদনকারী।
নির্বাচন ও সময়সূচি
ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের ২০২৬ সালের মার্চের মধ্য জানানো হবে। নির্বাচন প্রক্রিয়া মার্চ ২০২৬-এ অনুষ্ঠিত হবে।
এই ব্যাচের ইন্টার্নশিপ শুরু হবে ২০২৬ সালের এপ্রিলে। ইন্টার্নশিপের মেয়াদ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এবং এই সময়ের মধ্যে যেকোনো সময় ইন্টার্নরা কাজ শুরু করতে পারবে।
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন চলবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
বিশ্বব্যাংকের এই ইন্টার্নশিপ প্রোগ্রাম উন্নয়ন খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।